রায়পুরায় সংঘর্ষে নিহত ১, আহত ৩০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর রায়পুরা উপজেলার চর আড়ালিয়া ইউনিয়নের বাঘাইকান্দিতে গতকাল বৃহস্পতিবার দুই দল গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে শাহাদাৎ হোসেন (২২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। সংঘর্ষে কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। তাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ হয়েছে।চর আড়ালিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাকির হোসেন ও বিএনপি-সমর্থিত হাসানুজ্জামানের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।এলাকাবাসী জানায়, এলাকায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে জাকির হোসেন ও হাসানুজ্জামানের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। জানা গেছে, গত বুধবার রাতে হাসানুজ্জামানের সমর্থকেরা জাকির হোসেনের সমর্থক সোহেল মিয়াকে মারধর করে। ওই ঘটনার জের ধরে গতকাল বৃহস্পতিবার সকালে দুই পক্ষ টেঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষের সময় ১৫-২০টি বাড়িঘর ভাঙচুর করা হয়। বেলা ১১টার দিকে পুলিশ ঘটনাস্থলে যায় এবং দুপুর ১২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। জাকির হোসেন জানান, হাসানুজ্জামানের লোকজন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করতে চায়। তাঁর পক্ষের লোকজনের বিরুদ্ধাচরণ করলেই তারা প্রতিপক্ষকে নানাভাবে ঘায়েল করে আসছে। প্রতিপক্ষের হামলায় তাঁর পক্ষের কমপক্ষে ২০ জন আহত হয়েছে বলে তিনি দাবি করেন।অভিযোগ অস্বীকার করে হাসানুজ্জামান বলেন, ‘জাকির ক্ষমতাসীন দলের নেতা হওয়ায় শুধু এলাকাবাসী নয়, প্রশাসনও জিম্মি। মিথ্যা অভিযোগ এনে তারা আমাদের লোকজনকে পুলিশে ধরিয়ে দিচ্ছে।’ এদিকে গুরুতর আহত ব্যক্তিদের মধ্যে সোহেল মিয়া (১৮), শহিদুল্লাহ মিয়া (৪৫), বোরহান উদ্দিন (২০), শাহিন মিয়া (১৮), শাহিদা বেগম (৪৮), শহিদ মোল্লাকে (১৭) ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া শহিদুল ইসলাম (১০), শাহাদাৎ হোসেন (১৮), নুরুল হুদা (৫০), জিল্লুর রহমান (১৬), মোবারক হোসেন (২০) ও ফয়সাল মিয়াকে (১৮) নরসিংদীর বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল বাতেন জানান, নিহত শাহাদৎ হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ সাতজনকে গ্রেপ্তার করেছে বলে তিনি জানান।