রায়পুরায় হামলায় আহত দুজনের মৃত্যু, গ্রেপ্তার ৯
নরসিংদীর রায়পুরায় জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আহত হালিম মিয়া (৪০) ও জজ মিয়া (২৮) নামের দুই ভাই গত শনিবার মারা গেছেন। তাঁরা উপজেলার মরজাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোকলেসুর রহমানের ছোট ভাই ও পাহাড় মরজাল এলাকার আলী আকবরের ছেলে। এ ঘটনায় নয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মরজাল গ্রামের সুরুজ মিয়া, তাঁর পাঁচ ছেলে লিটন মিয়া, কামরুজ্জামান, রুবেল মিয়া, সাইফুল ইসলাম ও মাজেদুল ইসলাম এবং একই গ্রামের বাদল মিয়া, আসাদ মিয়া ও শামীম মিয়া।
স্থানীয় লোকজন ও পুলিশ জানান, এক বছর ধরে সুরুজের সঙ্গে পাশের গ্রাম রাজাবাড়ির শহিদ মিয়ার জমি নিয়ে বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য গত শনিবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সালিস বৈঠক বসে। বৈঠকের একপর্যায়ে সুরুজের লোকজন শহিদের লোকজনের ওপর হামলা চালায়। এ সময় ছুরিকাঘাতে শহিদের দুই সমর্থক জজ ও হালিম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠান। এ ঘটনার পর শহিদের সমর্থকেরা স্থানীয় সানশাইন কিন্ডারগার্টেন স্কুল ও একটি বাড়ি ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গত শনিবার রাত ১০টার দিকে রাজধানীর কেয়ার হাসপাতালে হালিম এবং একই দিন রাত ১২টার দিকে বক্ষব্যাধি হাসপাতালে জজ মারা যান। এ ঘটনায় নিহত ব্যক্তিদের চাচা কালা মিয়া ১২ জনের নাম উল্লেখসহ ও অজ্ঞাতপরিচয় আরও চার-পাঁচজনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন। পুলিশ রাতেই বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই নয়জনকে গ্রেপ্তার করে।
নিহত ব্যক্তিদের বড় ভাই মোকলেসুর বলেন, ‘আমার ভাইদের সুরুজ সালিস বৈঠকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন।’
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, ওই নয়জনকে গতকাল রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ছুরিকাঘাতে মৃত্যু
সুনামগঞ্জ অফিস জানায়, জেলার দিরাই পৌর শহরে গতকাল দুপুরে ছুরিকাঘাতে শাহেদ মিয়া (২৮) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ তিনজনকে আটক করেছে। শাহেদ পৌর এলাকার চণ্ডীপুর গ্রামের গনি মিয়ার ছেলে।
পুলিশ জানায়, দিরাই বাসস্ট্যান্ড এলাকায় শাহেদের একটি ওয়ার্কশপের দোকান রয়েছে। তাঁর পাশেই নারায়ণ চন্দ্র দাসের একটি দোকান রয়েছে। দুপুরে এক ব্যক্তি নারায়ণের দোকানে একটি টায়ারের কাজ করান। পরে টাকা দেওয়া নিয়ে নারায়ণ ও ওই ব্যক্তির মধ্যে কথা-কাটাকাটি হয়। শাহেদ তাঁদের মধ্যে ঝগড়া থামানোর চেষ্টা করেন। এ সময় ক্ষুব্ধ হয়ে শাহেদকে ছুরিকাঘাত করেন নারায়ণ। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় স্থানীয় লোকজন নারায়ণ, তাঁর দোকানের কর্মচারী ঝিনিক ও রুবেলকে পুলিশে দেন। থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।