লক্ষ্মীপুরের রায়পুরের হায়দরগঞ্জ বাজারে গত মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডে ৪৬টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে সোনার গয়নার চারটি দোকানও ছিল।
এ নিয়ে হায়দরগঞ্জ বাজারে গত দেড় বছরে সাতটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। গত মাসেও আগুনে বাজারের তিনটি দোকান পুড়ে গেছে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের ব্যবসায়ীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
বাজারের কয়েকজন ব্যবসায়ী জানান, মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে হঠাৎ উত্তমের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে তা পার্শ্ববর্তী দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। এতে হাওলাদার ইলেকট্রনিকস, দিদার এন্টারপ্রাইজ, তিবান ড্রেস ফ্যাশনসহ ৪৬টি দোকান পুড়ে যায়।
ক্ষতিগ্রস্ত দিদার হওলাদার ও আলী হোসেন জানান, নগদ টাকাসহ তাদের ২০ লাখ টাকার মালামাল আগুনে পুড়ে গেছে। স্থানীয় লোকজন নিয়ন্ত্রণের চেষ্টা করেন। রাত সাড়ে তিনটার দিকে লক্ষ্মীপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা আসেন।
লক্ষ্মীপুর ফায়ার সার্ভিসের ফায়ারম্যান নূর আলম বলেন, ‘খবর পেয়েই আমরা ঘটনাস্থলে যাই। এক-দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ৪৬টি দোকান পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।’ গতকাল বুধবার সকালে রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আলম এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অরুনেন্দ কিশোর চক্রবর্তী ঘটনাস্থল পরিদর্শন করেন।
হায়দরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান শহিদ উল্যা বলেন, ‘ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে উপজেলা প্রশাসনকে দেওয়া হয়েছে। আগুনের ব্যাপারে ব্যবসায়ীদের সচেতন করার জন্য কয়েক দিনের মধ্যে আমরা সভা করব।’
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা অরুনেন্দ কিশোর চক্রবর্তী বলেন, ‘আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ৪৬টি দোকানের তালিকা করা হয়েছে।’