ছাত্রদলের লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার বিভিন্ন পর্যায়ের কমিটির সভাপতিসহ অনেক সদস্যেরই ছাত্রত্ব নেই। তাঁদের মধ্যে কয়েকজন চাকরি করছেন। কেউ কেউ বিয়েও করেছেন। দীর্ঘদিন ধরে নতুন কমিটি না হওয়ায় তাঁদের দিয়েই চালানো হচ্ছে ছাত্রদলের কার্যক্রম।দলীয় সূত্রে জানা গেছে, রায়পুর উপজেলার ছাত্রদলের সর্বশেষ কমিটি ২০০২ সালে গঠন করা হয়। ওই সালেই এ কমিটির সভাপতি এমরান হোসেনের ছাত্রত্ব শেষ হয়। তিনি ওই বছর নোয়াখালী সরকারি কলেজ থেকে স্নাতকোত্তর পাস করেন। এখন তিনি ঠিকাদারি করেন। সাধারণ সম্পাদক নূর-এ হেলাল রায়পুর পৌরসভার কোষাধ্যক্ষ পদে কর্মরত আছেন। দুই বছর আগে তিনি বিয়ে করেন। তিনি চাঁদপুর সরকারি কলেজ থেকে ২০০৬ সালে স্নাতকোত্তর পাস করেন।উপজেলা ছাত্রদলের সভাপতি এমরান হোসেন বলেন, ‘৬১ সদস্যের কমিটির অধিকাংশ নেতার ছাত্রত্ব নেই, তা সত্য। বিভিন্ন কারণে নতুন কমিটি করা যায়নি। তাই আমরাই চালিয়ে নিচ্ছি।’উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক নূর-এ হেলাল বলেন, ছাত্রদলের কমিটি এখন নামেই আছে। সত্যিকার অর্থে এ কমিটির কার্যক্রম নেই।দলীয় সূত্রে জানা গেছে, পৌর ছাত্রদলের সভাপতি ইকবাল হোসেন ২০০৩ সালে রায়পুর সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। এরপর তিনি আর লেখাপড়া করেননি। তিনি কয়েক বছর আগে বিয়ে করেছেন এবং এক সন্তানের বাবা। বর্তমানে তিনি পৌরসভার কর নির্ধারণ শাখায় চাকরি করছেন। এ কমিটির সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনও ছয় বছর ধরে পৌরসভার সহকারী কর আদায়কারী পদে কর্মরত আছেন।কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মো. কাউসার হোসেন ২০০৪ সালে রায়পুর সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। পরে তিনি আর পড়ালেখা করেননি। তিনি পাঁচ বছর ধরে পৌরসভার পানি সরবরাহ শাখায় কর্মরত আছেন। এক বছর আগে তিনি বিয়ে করেন। এ কমিটির সাধারণ সম্পাদক ইব্রাহিম হোসেন ২০০৪ সালে রায়পুর সরকারি কলেজ থেকে বিএ পাস করেন। বর্তমানে তিনি পৌরসভার কার্যসহকারী পদে কর্মরত।উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার প্রথম আলোকে বলেন, পারিপার্শ্বিক অবস্থার কারণে তখন কমিটিগুলো করা হয়েছিল। আগামী দু-এক মাসের মধ্যে উপজেলা ছাত্রদলের সব পর্যায়ে নতুন কমিটি গঠন করা হবে। তবে এবার ছাত্রত্ব দেখে নেতা নির্বাচন করে ছাত্রদলকে ঢেলে সাজানো হবে।