রায়পুরে অবাধে গাছ নিধন, জড়িত বন কর্মকর্তাও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সড়কের দুই পাশ থেকে অবাধে গাছ কাটা হচ্ছে৷ গত সাত মাসে এক হাজারেরও বেশি গাছ নিধন করা হয়েছে। যুবলীগ এবং জামায়াত-শিবিরের নেতা-কর্মী, দুর্বৃত্ত ও বন বিভাগের এক কর্মকর্তা গাছগুলো কেটে বিক্রি করে দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত মাসেও শতাধিক গাছ কাটা হয়েছে৷ বন বিভাগ ও এলাকাবাসী সূত্রে এসব তথ্য পাওয়া গেছে৷
দক্ষিণ চরবংশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ জানান, গত ৩০ এপ্রিল চরবংশী রিং বেড়ি সড়ক, মিয়ারহাট-গাজী সড়ক ও এস করিম সড়কের পাশ থেকে কড়ই, মেহগনি, আকাশমণিসহ বিভিন্ন প্রজাতির ৫০টি গাছ কাটা হয়েছে। এসব গাছের দাম প্রায় পাঁচ লাখ টাকা। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনপ্রতিনিধি জানান, দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য দিদার হোসেন মোল্লা ও মাইন উদ্দিন লোকজন দিয়ে গাছগুলো কেটে করাতকলে বিক্রি করে দিয়েছেন। যুবলীগের নেতা দিদার মোল্লা গাছ কাটার অভিযোগ অস্বীকার করে বলেন, কে বা কারা গাছ কেটেছে তা তিনি জানেন না৷
এলাকাবাসী জানান, লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের রায়পুর উপজেলার শিকদার এলাকার পাশ থেকে রেইনট্রি, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ২৫টি গাছ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। গত ২৫ এপ্রিল থেকে এক সপ্তাহে গাছগুলো কাটা হয়৷ গাছগুলোর দাম কমপক্ষে দুই লাখ টাকা। ওই এলাকায় একটি সেতু নির্মাণের কাজ চলাকালে গাছগুলো কাটা হয়৷ সেতু নির্মাণের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের ব্যবস্থাপক টিপু সুলতান অভিযোগ করেন, ‘সেতুর কাজ চলাকালে এলাকার লোকজন গাছগুলো কেটে নিয়ে যান। তাঁরা সরকারদলীয় রাজনীতির সঙ্গে জড়িত। গাছ কেটে নেওয়ার সময় তাঁরা আমাদের অনেক নির্মাণসামগ্রীর ক্ষতিও করেন।’
এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত ৩০ মে বামনী স্পিকার সড়কের পাশ থেকে ১২টি, খাসেরহাট সড়কের পাশ থেকে আটটি, হাজীমারা-হায়দারগঞ্জ সড়কের পাশ থেকে ৫০টি গাছ কেটে বিক্রি করে দিয়েছে দুর্বৃত্তরা।
উপজেলার লেংলাবাজারের কাঠব্যবসায়ী ফিরোজ আলম অভিযোগ করেন, মার্চের শেষের দিকে উপজেলা বন কর্মকর্তা জসিম উদ্দিন মুন্সি চরবংশী লাল মিয়া সড়কের চারটি রেইনট্রি ও কড়ইগাছ ৩০ হাজার টাকায় বিক্রি করে দেন। এ নিয়ে এলাকাবাসী নোয়াখালী জেলা বন কর্মকর্তার কাছে একটি অভিযোগ করেছেন। এপ্রিলেও ওই কর্মকর্তা কেরোয়া ইউনিয়নের বিভিন্ন সড়ক থেকে ১৮টি রেইনট্রিগাছ কেটে বিক্রি করে দেন। তবে জসিম উদ্দিন ওই দুই স্থান থেকে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন৷
বন বিভাগের একটি সূত্র জানায়, গত সাত মাসে কাটা এক হাজারের বেশি গাছের বেশির ভাগই কাটা হয়েছে নভেম্বর-ডিসেম্বর মাসে। লক্ষ্মীপুর-চাঁদপুর সড়ক থেকেÿদুই শতাধিক এবং পানপাড়া, হায়দারগঞ্জ ও খাসেরহাটসহ বিভিন্ন সড়ক থেকে আরও তিন শতাধিক গাছ কেটেছেন শিবিরের নেতা-কর্মীরা।
গাছ কাটার বিষয়ে রায়পুর পৌর ছাত্রশিবিরের সভাপতি পরান হোসেনের সঙ্গে কথা বলার জন্য গতকাল সোমবার বিকেলে তাঁর মুঠোফোনে ফোন করা হয়৷ এ সময় অন্য এক ব্যক্তি ফোন ধরে বলেন পরান মুঠোফোনের সেট রেখে বাইরে গেছেন৷
উপজেলা বন কর্মকর্তা জসিম উদ্দিন বলেন, গত বছরের নভেম্বর ও ডিসেম্বরে জামায়াত-শিবির ৪০০-৫০০ গাছ কেটেছে৷ গত কয়েক মাসে দুর্বৃত্তরা উপজেলার বিভিন্ন সড়কের পাশ থেকে আরও কিছু গাছ কেটেছে। গত মে মাসে উপজেলার পানপাড়া ও লক্ষ্মীপুর-চাঁদপুর সড়কের পাশ থেকে গাছের ৩০-৩৫টি গুঁড়ি উদ্ধার করে আনা হয়েছে। তিনি দাবি করেন, গাছ নিধন বন্ধ করার জন্য বন বিভাগ তৎপর রয়েছে৷