রায়পুরে আ.লীগ নেতার ওপর হামলা, আটক ১
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মিতালী বাজারে একটি সালিসি বৈঠককে কেন্দ্র করে গত সোমবার সন্ধ্যায় দক্ষিণ চর আবাবিল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ হাওলাদারের ওপর হামলা চালিয়েছে প্রতিপক্ষের লোকজন। তাঁকে আহত অবস্থায় উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।এ ঘটনায় সিরাজ হাওলাদার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে রায়পুর থানায় একটি মামলা করেন। পুলিশ আবু তাহের মাঝি নামের এক ব্যক্তিকে আটক করেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন জানান, উপজেলার মিতালী বাজারের সোমবার সন্ধ্যায় একটি সালিসি বৈঠকের আয়োজন করা হয়। এতে তুচ্ছ ঘটনায় সিরাজ হাওলাদার ও আবু তাহেরের লোকজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবু তাহেরের লোকজন সিরাজ হাওলাদারকে পিটিয়ে আহত করেন। পরে সিরাজ হাওলাদার ও তাঁর অনুসারীরা তাহেরকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন। আওয়ামী লীগের নেতা সিরাজ হাওলাদার বলেন, ‘আবু তাহের একজন প্রতারক। সালিসি বৈঠকে সে তার লোকজন নিয়ে আমার ওপর হামলা চালায়। এতে আমার বাঁ চোখের পাশ, ঠোঁটসহ শরীরের বিভিন্ন অংশে জখম হয়। তারা আমার কাছ থেকে দুই লাখ ৬০ হাজার টাকা ছিনিয়ে নেয়।’থানা হাজতে আবু তাহের বলেন, ‘সালিসি বৈঠকে কথা-কাটাকাটির জের ধরে সিরাজ হাওলাদার ও তার লোকজন আমার সঙ্গে থাকা কয়েক ব্যক্তিকে ধাওয়া করে। একপর্যায়ে তারা পুলিশের উপস্থিতিতে আমাকে মারধর করে। পরে পুলিশ উল্টো আমাকে আটক করে নিয়ে আসে। টাকা লুটে নেওয়ার অভিযোগ সঠিক নয়।’রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি শান্ত করা হয়। এ ঘটনায় সিরাজ হাওলাদার বাদী হয়ে পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। আবু তাহের নামের এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।