রায়পুরে আ.লীগ নেতার কোটি টাকার জমি দখল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর শহরের দেনায়েতপুর এলাকায় গত রোববার বিকেলে ইউছুফ মুন্সি নামের এক ব্যক্তির কোটি টাকা মূল্যের জমি দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। আদালতের ১৪৪ ধারা উপেক্ষা করে রায়পুর পৌর আওয়ামী লীগের সদস্য ইসমাইল হোসেন লোকজন নিয়ে টিনের ঘর তুলে ওই জমি দখল করেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মুন্সিবাড়ির মৃত সিদ্দিক মুন্সির ছেলে ইউছুফ মুন্সি জানান, ১৬ নম্বর দেনায়েতপুর মৌজায় তাঁর সাড়ে ৩৩ শতাংশ জমি রয়েছে। ওই জমির বর্তমান বাজারমূল্য কোটি টাকার বেশি। জমিটির ওপর পার্শ্ববর্তী জমির মালিক ছেলামত উল্যা ও ইসমাইল হোসেনের নজর পড়ে। কয়েক মাস আগে তাঁরা ওই জমি দখলের চেষ্টা চালালে তিনি আদালতের আশ্রয় নেন। লক্ষ্মীপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ওই জমির ওপর ১৪৪ ধারা জারি করেন। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানান, রোববার সকাল আটটার দিকে আওয়ামী লীগের নেতা ইসমাইল দেশি অস্ত্রশস্ত্রসহ ১৫-২০ জন লোক নিয়ে ওই জমির ওপর ঘর তুলতে যান। ইউছুফ ও তাঁর পরিবারের লোকজন ঘটনাস্থল গিয়ে বাধা দিলে তাঁদের ওপর হামলার চেষ্টা চালানো হয়। এ ব্যাপারে ইসমাইল হোসেন বলেন, ‘জমিটি আমার মামাতো ভাই ছেলামত উল্যার। এ জমির ওপর আগে আদালতের ১৪৪ ধারা ছিল, এখন তা নেই। এ জন্য আমাদের জমির ওপর ঘর তুলেছি।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী জানান, জমিটির ওপর আদালতের ১৪৪ ধারা জারি রয়েছে। ওই জমির ওপর ঘর তোলার সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। উভয় পক্ষকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে।