রায়পুরে আগুনে ২৪টি দোকান পুড়ে গেছে
লক্ষ্মীপুরের রায়পুরে হায়দরগঞ্জ বাজারে শুক্রবার দিবাগত রাতে অগ্নিকাণ্ডে ২৪টি দোকান ও গুদাম পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ ছয়জন আহত হন।ব্যবসায়ীদের দাবি, অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সূত্রধর ও রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী গতকাল শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন।বাজারের ব্যবসায়ীরা জানান, রাত একটার দিকে হাবিবুর রহমানের মুদি দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। আগুনে ২৪টি দোকান ও গুদামের মালামাল পুড়ে গেছে।হোলসিম সিমেন্টের সাব-এজেন্ট ও গুটি ইউরিয়া সার কারখানার মালিক শাহিন মোল্লা জানান, আগুনে তাঁর ৯৫ লাখ টাকার মালামাল বিনষ্ট হয়ে গেছে।আগুন নেভাতে গিয়ে লক্ষ্মীপুর ফায়ার সার্ভিস স্টেশনের কর্মী জি এম আসলাম, মো. আলম এবং স্থানীয় বাসিন্দা আবুল কাশেম, আবদুল মালেক, মো. ফয়সাল ও সিরাজ মিয়া আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।ফায়ার সার্ভিসের কর্মী জি এম আসলাম জানান, ধোঁয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।হায়দরগঞ্জ বাজার পরিচালনা কমিটির সভাপতি ও চর আবাবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদ উল্লা বলেন, অগ্নিকাণ্ডে প্রায় চার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের তালিকা করে উপজেলা প্রশাসনকে দেওয়া হবে।ইউএনও দুলাল চন্দ্র সূত্রধর বলেন, অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আর্থিক সহায়তার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা করে কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।এ নিয়ে ওই বাজারে গত ছয় মাসে চারটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের উদ্বিগ্ন ব্যবসায়ীরা গতকাল দুপুরে স্থানীয় গাজী মার্কেট এলাকায় সচেতনতামূলক সভা করেন। সভায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জানানো ছাড়াও অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।