রায়পুরে আট ইউপিতে বিএনপির প্রার্থী নেই
বিএনপির ‘দুর্গ’ বলে পরিচিত লক্ষ্মীপুরের রায়পুর। প্রায় ২০-২৫ বছর ধরে উপজেলার অধিকাংশ ইউপিতে বিএনপি-সমর্থিত প্রার্থীরা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। কিন্তু এবারের নির্বাচনে আটটি ইউপি থেকে বিএনপির মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এর ফলে আটটি ইউপিতে প্রার্থীশূন্য বিএনপি। এতে নেতা-কর্মীরা হতাশ ও ক্ষুব্ধ।
প্রার্থীদের অভিযোগ, আওয়ামী লীগের নেতাদের চাপে তাঁরা মনোনয়নপত্র প্রত্যাহার করতে বাধ্য হন। তবে বিএনপির নেতা-কর্মীরা এ দাবি মানতে রাজি নন।
উপজেলা ও পৌর বিএনপির সাতজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, মনোনয়নপত্র বাছাইয়ের পর চেয়ারম্যান পদপ্রার্থীদের এলাকা থেকে সরে ঢাকায় অবস্থান করতে দল থেকে নির্দেশ দেওয়া হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হওয়ার এক দিন পর তাঁদের এলাকায় আসতে বলা হয়। কিন্তু প্রার্থীরা এ নির্দেশ না মেনে এলাকায় অবস্থান নেন। পরে তাঁরা রহস্যজনকভাবে স্বেচ্ছায় এসে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।
রায়পুর পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম বলেন, রায়পুরে বিএনপির রাজনীতিকে কবর দেওয়া হচ্ছে। নেতৃত্বের দুর্বলতার কারণে এখন দলের ভরাডুবি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম নিজে অপহরণের নাটক করে চর মোহনা ইউপি থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। এর পর থেকে অন্য প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।
উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, গত সোমবার বিএনপি মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থীদের মধ্যে কেরোয়া ইউনিয়নের নজরুল ইসলাম সরকার, চরপাতার হেজবুল্লা গুনু, বামনীর মো. সালেহ উদ্দিন ও দক্ষিণ চর আবাবিলের মো. আলমগীর হোসেন মাঝি মনোনয়নপত্র প্রত্যাহার করেন। আর রায়পুর ইউপির চেয়ারম্যান পদপ্রার্থী মো. ইউছুফ মিয়া মনোনয়নপত্র দাখিলই করেননি। এর আগে ৬ এপ্রিল চর মোহনার নাজমুল আলম, দক্ষিণ চরবংশীর হারুনুর রশিদ হাওলাদার ও উত্তর চরবংশী ইউনিয়নের আবদুল মান্নান সরকার চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এসব ইউপিতে চেয়ারম্যান পদে বিএনপির আর কোনো প্রতিদ্বন্দ্বী নেই।
তবে উপজেলা বিএনপির সভাপতি মনিরুল ইসলাম হাওলাদার দাবি করেন, বিএনপির মনোনীত প্রার্থীদের আওয়ামী লীগের নেতা-কর্মীরা হুমকি-ধমকি দেন। প্রার্থীদের পরিবার-পরিজনকে ঘরছাড়া করার ভয় দেখানো হয়। ভয়ভীতির কারণে চেয়ারম্যান পদের প্রার্থীরা বাধ্য হয়েছেন মনোনয়নপত্র প্রত্যাহার করতে।
জানতে চাইলে লক্ষ্মীপুর জেলা বিএনপির সভাপতি ও লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনের সাবেক সাংসদ আবুল খায়ের ভূঁইয়া বলেন, ‘দলের সঙ্গে বেইমানি করে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তাঁদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। প্রার্থীদের সবাইকে আমি ঢাকায় এনে রেখেছি। কিন্তু তাঁরা আমাকে না জানিয়ে এলাকায় চলে গিয়ে মনোনয়নপত্র প্রত্যাহার করেন। বিষয়টি নিয়ে আমরা বিস্মিত।’