লক্ষ্মীপুরের রায়পুরে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার সময় গতকাল রোববার তিন জেলেকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়া গত দুই দিনে ২২ মণ ইলিশও জব্দ করা হয়েছে।স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, গতকাল নদীতে অভিযান চালিয়ে মো. রিপন, মো. গনি মিয়া ও সিরাজ খান নামের তিনজন জেলেকে আটক করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দুলাল চন্দ্র সূত্রধর তাঁদের প্রত্যেককে তিন মাসের কারাদণ্ড দেন। এ সময় জেলেদের কাছ থেকে চার মণ ইলিশ জব্দ করা হয়। পরে মাছগুলো সাড়ে ১৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে।এদিকে গত শনিবার মেঘনায় অভিযান চালিয়ে ১৮ মণ ডিমওয়ালা ইলিশ আটক করে স্থানীয় প্রশাসন। পরে সেগুলো ৩৫ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়।মৎস্য অফিস সূত্র জানায়, ইলিশের প্রজনন নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুরের মেঘনার ষাটনল থেকে রামগতি পর্যন্ত ১০০ কিলোমিটার নদী এলাকা প্রজননক্ষেত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকায় ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করেছে সরকার। উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বেলায়েত হোসেন জানান, নিষেধাজ্ঞা চলাকালে নদীতে ইলিশ ধরা প্রতিরোধে প্রশাসন তৎপর রয়েছে।