রায়পুরে এক বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ মালামাল লুট
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পশ্চিম চরপাতা গ্রামে একটি বাড়িতে গত শুক্রবার দিবাগত রাতে ডাকাতি হয়েছে। গৃহকর্তা ও তাঁর স্ত্রীকে পিটিয়ে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়েছে ডাকাতেরা। এ নিয়ে গত ১০ দিনে উপজেলার বিভিন্ন গ্রামের চারটি বাড়ি ও পাঁচটি ব্যবসাপ্রতিষ্ঠানে ডাকাতির ঘটনার ঘটল।ডাকাতির শিকার পশ্চিম চরপাতা গ্রামের হুমায়ূন কবিরের ভাষ্যমতে, শুক্রবার রাত দুইটার দিকে ১২-১৪ জনের মুখোশধারী ডাকাত দল তাঁর বাড়ির ফটকের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ডাকাতেরা তাঁকে রশি দিয়ে বেঁধে বেদম মারধর করে। এ সময় বাধা দিতে গিয়ে তাঁর স্ত্রী শিবলু বেগম আহত হন। পরে ডাকাতেরা নগদ টাকা, স্বর্ণালংকার, মুঠোফোনসেটসহ প্রায় ৫০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একের পর এক ডাকাতির ঘটনায় উদ্বিগ্ন হয়ে পড়েছে উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দারা। কেরোয়া, বামনী, সোনাপুর ও রায়পুর ইউনিয়নের বেশ কিছু গ্রামের বাসিন্দারা নিজ উদ্যোগে রাত জেগে পাহারা দিচ্ছেন বলে খবর পাওয়া গেছে। এ ব্যাপারে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ডাকাতি প্রতিরোধে উপজেলার তিনটি ইউনিয়নে এলাকাবাসী ও কমিনিউটি পুলিশের সমন্বয়ে কমিটি করা হয়েছে। রাতে পুলিশি টহলও জোরদার করা হয়েছে।