রায়পুরে এক মাসে ১৭ মাদকসেবী ও বিক্রেতার কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় ভ্রাম্যমাণ আদালত গতকাল সোমবার একজন মাদক বিক্রেতা ও দুজন সেবনকারীকে সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ নিয়ে গত এক মাসে উপজেলায় ১৭ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে কারাদণ্ড দেওয়া হলো। ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হান কাওছার এ রায় দেন। থানা সূত্র জানায়, শহরের দেনায়েতপুর গ্রামের নুরুল আমিনকে (২০) মাদক বিক্রির সময় গতকাল হাসপাতালের পেছন থেকে পুলিশ গ্রেপ্তার করে। একই সময় বাসস্ট্যান্ড এলাকায় মাদক সেবনকালে দিলু মিয়া (৩৫) ও সোহেল (২২) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পরে স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত নুরুল আমিনকে দুই বছর দুই মাস কারাদণ্ড দেন। অপরদিকে দিলু ও সোহেলকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এর আগে গত ৩ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সময়ে আরও ১৪ মাদকসেবী ও বিক্রেতাকে কারাদণ্ড দেওয়া হয়। তাঁদের সর্বোচ্চ দুই বছর দুই মাস ও সর্বনিম্ন এক মাস কারাদণ্ড দেওয়া হয়। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতনকৃষ্ণ নাথ বলেন, অভিযান অব্যাহত থাকবে।