লক্ষ্মীপুরের রায়পুর থানার এসআই হারুনুর রশিদের বিরুদ্ধে হুমকি দেওয়া, মারধর করাসহ নানা অভিযোগে এক ব্যবসায়ী মামলা করেছেন। গত বুধবার লক্ষ্মীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে মামলাটি করেন রায়পুর শহরের মাংস ব্যবসায়ী মুনছুর আহমেদ।
আদালত উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ওই অভিযোগ তদন্ত করার নির্দেশ দেন। বাদীর আইনজীবী বলেন, মারধর, অন্যায়ভাবে আটক, ভয় দেখিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা ও ডাকাতির মামলার আসামি করার হুমকি দেওয়ায় মুনছুর আহমেদ ওই এসআইয়ের বিরুদ্ধে মামলাটি করেছেন।
মামলার আরজিতে বলা হয়, এসআই হারুনুর রশিদ গত ২৪ ফেব্রুয়ারি মুনছুর আহমেদের দোকানের প্রায় দুই মণ মাংসসহ তাঁর কর্মচারী আবুল কালামকে আটক করে থানায় নিয়ে আসেন। এ সময় পুলিশ তাঁকে মারধর করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করে। মুনছুর কর্মচারীকে মুক্ত করার জন্য থানায় গেলে এসআই ৭০ হাজার টাকা দাবি করেন। এ সময় নগদ ৫ হাজার টাকা দিলে তিনি তাঁর কর্মচারীকে ছেড়ে দেন। পরদিন মুনছুর ওই এসআইকে ৩০ হাজার টাকা দেন। চার-পাঁচ দিন পর ধারদেনা করে আরও ২০ হাজার টাকা পরিশোধ করেন। কয়েক দিন ধরে হারুন আরও ২০ হাজার টাকা দাবি করছিলেন। এ টাকা না দিলে তাঁকে ডাকাতির মামলার আসামি করার হুমকি দেন।
ব্যবসায়ী মুনছুর আহমেদ অভিযোগ করেন, ‘চোরাই গরুর মাংস বিক্রির অভিযোগ তুলে ওই পুলিশ কর্মকর্তা হুমকি দিয়ে তিন দফা আমার কাছ থেকে ৫৫ হাজার টাকা আদায় করেন। পরে আরও ২০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা না দিলে ডাকাতির মামলার আসামি করার হুমকি দেন।’
রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ বলেন, ‘দক্ষিণ দেনায়েতপুর গ্রামের মাহমুদুর রহমান থানায় গরু চুরির একটি অভিযোগ করেছিলেন। পরে মুনছুরের দোকান থেকে ওই গরুর মাংস উদ্ধার করা হয়। স্থানীয় লোকজন সমঝোতা করে দেওয়ায় মুনছুর ওই গরুর ক্ষতিপূরণ বাবদ ৭০ হাজার টাকা দিতে রাজি হন। আমি তাঁর কাছ থেকে কোনো টাকা নিইনি। ডাকাতি মামলার আসামি করার হুমকি দেওয়ার অভিযোগও সঠিক নয়।’