রায়পুরে এসএসসির ফরম পূরণে বাড়তি টাকা আদায়?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মাধ্যমিক পরীক্ষার (এসএসসি) ফরম পূরণে পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। সরকার-নির্ধারিত ফি এক হাজার ১৫০ টাকা। অথচ বিদ্যালয়গুলো তিন হাজার থেকে পাঁচ হাজার টাকা করে আদায় করছে।
এ নিয়ে পরীক্ষার্থী ও অভিভাবকেরা ক্ষুব্ধ। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের নিয়ে বৈঠক করে অতিরিক্ত ফি না নিতে নির্দেশ দিয়েছেন। ১৯ নভেম্বর ফরম পূরণের শেষ দিন। মাধ্যমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলার ২৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রায় দুই হাজার ৫০০ শিক্ষার্থী এবার এসএসসি পরীক্ষায় অংশ নিতে পারে। ফরম পূরণে মানবিক ও বাণিজ্য বিভাগের জন্য বোর্ড ফি নির্ধারণ করে দেয় এক হাজার ১৫০ টাকা। বিজ্ঞান বিভাগের জন্য এক হাজার ২৫০ টাকা।
জানা গেছে, উপজেলার অধিকাংশ বিদ্যালয় কর্তৃপক্ষ তিন থেকে পাঁচ হাজার টাকা ফি ধার্য করেছে। গত কয়েক দিনে ১০ শতাংশ পরীক্ষার্থী ফরম পূরণের টাকা জামা দিয়েছে। অর্থ-সংকটের কারণে অনেক শিক্ষার্থীর পক্ষে ওই টাকা জোগাড় করা সম্ভব হবে না।
অভিভাবক জহির উদ্দিন জানান, তাঁর মেয়ে জনকল্যাণ উচ্চবিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী। অতিরিক্ত ফি নির্ধারণ করায় তিনি এখনো ফরম পূরণের টাকা দিতে পারেননি। তাঁর মেয়ের পড়ালেখা অনিশ্চিত হয়ে পড়েছে। অভিভাবক সাইফুল ইসলাম বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ ফরম পূরণে তিন-চার গুণ বেশি টাকা ধার্য করেছে। এ কারণে অনেক শিক্ষার্থী এখনো ফরম পূরণ করতে পারেনি। শিক্ষকেরা জাতির পথপ্রদর্শক। অথচ তাঁরা শিক্ষার্থীদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করছেন।
জনকল্যাণ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিব আহমেদ পটোয়ারী বলেন, সরকার-নির্ধারিত ফি-ই নেওয়া হচ্ছে। অতিরিক্ত কোনো টাকা নেওয়া হচ্ছে না। তবে কোচিংসহ অন্যান্য খরচের জন্য পরে কিছু টাকা নেওয়া হবে।
যোগাযোগ করা হলে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান ভূঁইয়া বলেন, ‘একজন অভিভাবক বেশি টাকা আদায়ের বিষয়টি আমাকে জানিয়েছেন। বৈঠক করে শিক্ষকদের বোর্ড ফির বাইরে কোনো অর্থ না নিতে বলা হয়েছে। এর পরও কেউ অতিরিক্ত অর্থ নিলে ব্যবস্থা নেওয়া হবে।’