রায়পুরে ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতির বাড়িতে হামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভার দক্ষিণ কেরোয়া গ্রামে ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা মরহুম আবুল বাসারের বাড়িতে গত শুক্রবার রাতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাধা দিতে গিয়ে দুজন আহত হয়েছেন। আবুল বাসারের ভাই শহিদ উল্যা বলেন, ‘জমি নিয়ে আমাদের সঙ্গে পাশের বাড়ির বাবুল গংয়ের বিরোধ চলছে। ঘটনার সময় বাবুলের নেতৃত্বে সাত-আটজন দুর্বৃত্ত দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা ঘর ভাঙচুর ও লুটপাট করে অর্ধশতাধিক বিভিন্ন গাছ কেটে ফেলে। তাদের বাধা দিতে গিয়ে আমার ভাই রফিকুল ইসলাম ও ভাতিজা হাসানুজ্জামান সবুজ আহত হয়েছেন। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।’এ ব্যাপারে বাবুল বলেন, ‘আমরা তাদের কাছে জমি পাব। তারা জোরপূর্বক জমিতে দীর্ঘদিন ধরে ঘরবাড়ি তুলে রেখেছে। ঘটনার সময় আমরা অবৈধ দখলদারকে উচ্ছেদ করতে সেখানে গেছি।’