রায়পুরে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুরের চরবগা গ্রামে গত সোমবার দিবাগত রাতে মুন্নি আক্তার নামের এক কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। বিল্ডিংয়ের জানালার গ্রিলের সঙ্গে গামছা দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় গতকাল মঙ্গলবার সকালে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। মুন্নি লক্ষ্মীপুর মহিলা কলেজ থেকে ২০১২ সালে এইচএসসি পাস করেছেন।প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানান, উপজেলার চরবগা গ্রামের কাতারপ্রবাসী নুর নবী বেপারীর স্ত্রী সাফিয়া বেগম সোমবার রাতে খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। পাশের কক্ষে ছিলেন তাঁদের মেয়ে মুন্নি। ভোররাতে সাফিয়া তাঁকে ডাকলে সাড়াশব্দ না পেয়ে কক্ষে গিয়ে গলায় গামছা বাঁধা অবস্থায় মুন্নিকে দেখতে পান। এ সময় তাঁর পা মাটির সঙ্গে লাগানো ও হেলানো ছিল।মুন্নির কয়েকজন সহপাঠী জানান, মুন্নি খুবই শান্তপ্রকৃতির মেয়ে। তিনি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করার মতো মেয়ে নন। তাঁদের পারিবারিক কোনো কলহ ছিল না। তাঁর আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক ও সাজানো বলে মন্তব্য করেন তাঁরা।সোনাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তফা পাটওয়ারী বলেন, ‘আমি ওই বাড়িতে গিয়ে ঘটনাটি দেখেছি। মৃত্যুটি রহস্যজনক বলে লোকজন জানিয়েছে।’যোগাযোগ করা হলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ নিয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে।