লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরবামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার কৃমিনাশক ওষুধ খেয়ে ৬০ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। এর মধ্যে ৪০ জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ অভিভাবক ও এলাকাবাসী ওই বিদ্যালয়ের চেয়ার-টেবিল, আসবাব তছনছ এবং শিক্ষক ও চিকিৎসকদের লাঞ্ছিত করেছে।গতকাল থেকে দেশব্যাপী ‘জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ’ শুরু হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২৮ মে পর্যন্ত প্রাথমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ থেকে ১২ বছর বয়সী ছাত্রছাত্রীদের বিনা মূল্যে কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে।উপজেলার বামনী ইউনিয়নের চরবামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, সরকারি কর্মসূচির অংশ হিসেবে গতকাল সকালে ওই বিদ্যালয়ের দেড় শতাধিক শিক্ষার্থীকে কৃমিনাশক বড়ি খাওয়ানো হয়। ১০টার দিকে চতুর্থ শ্রেণীর ছাত্র শাহাদাত হোসেন মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় তার মুখ দিয়ে লালা ঝরে। সে মাটিতে গড়াগড়ি খায়। তার দেখাদেখি ওই শ্রেণীসহ অন্য শ্রেণীর শিক্ষার্থীরাও অসুস্থ হয়ে পড়ে। শিক্ষার্থীদের পেট ও মাথাব্যথা শুরু হয়। কয়েকজন বমি করে। এভাবে বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণীর প্রায় ৬০ ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়ে।অসুস্থ ছাত্রছাত্রীদের প্রথমে বিদ্যালয়ের বেঞ্চে শুইয়ে রাখা হয়। নূর নবী, আবদুল করিম, আলমগীর হোসেনসহ কয়েকজন অভিভাবক বলেন, শিক্ষার্থীদের অবস্থার অবনতি হলে অভিভাবকদের খবর দেওয়া হয়। তাঁরা অসুস্থ শিশুদের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে নিয়ে যান।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, শিক্ষার্থীদের অসুস্থতার খবরে ক্ষুব্ধ হন অভিভাবক ও এলাকাবাসী। তাঁরা চরবামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর, আসবাবপত্র তছনছ এবং প্রধান শিক্ষকসহ ছয় শিক্ষককে লাঞ্ছিত করেন। রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক রাজীব দত্ত, উপজেলা সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তা আবদুল হাই, উপজেলা সহকারী চিকিৎসা কর্মকর্তা আলী হোসেন, ইউনিয়ন স্বাস্থ্য সহকারী নেপাল চন্দ্র দে ওই বিদ্যালয়ে গেলে ক্ষুব্ধ এলাকাবাসী তাঁদের মারধর করে।কৃমিনাশক বড়ি খেয়ে ৬০ শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাহিদা আফরোজ। তিনি বলেন, উত্তেজিত লোকজন তাঁকেসহ বিদ্যালয়ের ছয়জন শিক্ষককে লাঞ্ছিত করে। এ সময় শিক্ষক ও চিকিৎসকদের বিদ্যালয়ের একটি কক্ষের মধ্যে অবরুদ্ধ করে রাখা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের উদ্ধার করে। উদ্ভূত পরিস্থিতিতে বেলা একটায় বিদ্যালয় ছুটি ঘোষণা করা হয়।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সালাউদ্দিন শরীফ চিকিৎসকদের লাঞ্ছিত হওয়ার ঘটনা নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরকার প্রাথমিক বিদ্যালয়ের ৫-১২ বছর বয়সী ছাত্রছাত্রীদের জন্য কৃমিনাশক বড়ি বরাদ্দ দেয়। এ জন্য শিক্ষকদের এক দিনের প্রশিক্ষণ দেওয়া হয়। চরবামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কৃমিনাশক বড়ি খেয়ে কয়েকজন শিক্ষার্থীকে অসুস্থ হয়ে পড়তে দেখে অন্যরাও অসুস্থ হয়ে পড়ে। এটি মাস সাইকোজেনিক ইলনেস বা গণমানসিক ভয়ভীতিজনিত রোগ। এতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। কৃমিনাশক ওষুধ মানসম্মত ছিল কি না, জানতে চাইলে সালাউদ্দিন বলেন, ‘ওষুধ মানসম্মত ছিল। মেয়াদ ছিল ২০১৬ সাল পর্যন্ত।’যোগাযোগ করলে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ চরবামনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং শিক্ষক ও চিকিৎসকদের উদ্ধার করে।