লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় বোরো চাষাবাদে সেচের জন্য বিদ্যুতে সরকার ভর্তুকি দিলেও প্রান্তিক কৃষকেরা এ সুবিধা পাচ্ছেন না। ভর্তুকির টাকা পুরোটাই ভোগ করের সেচযন্ত্রের মালিকেরা। এ ছাড়া সেচযন্ত্রের মালিকেরা এ সুবিধা নেওয়ার পরও সরকারনির্ধারিত মূল্যের চেয়েও সেচের টাকা বেশি নিচ্ছেন।রায়পুর পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় বিদ্যুৎচালিত ৭৬টি প্রজেক্ট রয়েছে। ইতিমধ্যে এ প্রজেক্ট শুরু হয়ে গেছে। ২০০৫ সাল থেকে সরকার বোরো চাষে বিদ্যুতে কৃষকদের ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছে। এ টাকা পাম্পমালিকের বিদ্যুৎ বিল থেকে বাদ দিয়ে দেওয়া হয়। কৃষি অফিস সূত্রে জানা গেছে, বিদ্যুৎচালিত পাম্প দিয়ে এ বছর প্রায় সাড়ে তিন হাজার একর জমিতে বোরো আবাদ হয়। ৭৬টি বিদ্যুৎচালিত প্রজেক্ট রয়েছে। এগুলো চরবংশী, চরকাছিয়া, চরআবাবিল ও উদমারা এলাকায় বেশি। বিদ্যুৎচালিত প্রজেক্টে সেচের জন্য কৃষকের কাছ থেকে শতাংশপ্রতি ১৬ টাকা নেওয়ার নিয়ম রয়েছে। কিন্তু সেচযন্ত্রের মালিকেরা নিচ্ছেন ১০০-১২০ টাকা। চরবংশী গ্রামের কৃষক জহিরুল ইসলাম ও নুরুল আলম জানান, তাঁরা শুনছেন সরকার বিদ্যুতে ভর্তুকি দেয়। কিন্তু তাঁরা সে সুবিধা পান না। আগের মতোই শতাংশ হিসেবে জমিতে সেচের জন্য টাকা দিচ্ছেন। বর্তমানে তাঁরা জমিতে সেচের জন্য সেচযন্ত্রের মালিককে শতাংশপ্রতি দিচ্ছেন ১০০ টাকা। বিভিন্ন প্রজেক্টে ১২০ টাকা পর্যন্ত নেওয়া হয়। বিদ্যুৎচালিত পাম্পমালিক সাইফুল আলম বলেন, ‘শতকরা ২০ টাকা ভর্তুকি পাই। এ বিষয়টি কৃষকদের জানিয়ে শতাংশপ্রতি ৮০-১০০ টাকা নেওয়া হয়। ভর্তুকির টাকা না পেলে শতাংশপ্রতি আরও বেশি টাকা কৃষকের কাছ থেকে নিতে হতো।’ রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক মো. জাকির হোসেন বলেন, ‘আমরা বিদ্যুৎ বিল থেকে ২০ শতাংশ বিল বাদ দিয়ে দিই। তবে এ সুবিধা প্রান্তিক কৃষক পান না বলে শুনেছি। কিন্তু এ ব্যাপারে আমাদের কিছু করার নেই।’ রায়পুর কৃষি অফিসের উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আলমগীর বাবুল বলেন, ‘বিদ্যুতে সরকার ভর্তুকি দিলেও সে ভর্তুকির টাকা কৃষক পান না, এটা সত্য। এ জন্য আমরা সংশ্লিষ্ট সেচযন্ত্রের মালিকদের চিঠিসহ বিভিন্নভাবে সতর্ক করেছি। বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে কৃষকদের অবহিত করছি। তার পরও এ সুবিধা কৃষককে দেওয়া না হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’