রায়পুরে কৃষকের বিক্রি শেষ, সুপারির দাম বাড়ছে লাফিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষকের সুপারি বিক্রি শেষ হওয়ার পর দাম বেড়ে দ্বিগুণ হয়েছে। লক্ষ্মীপুরের ‘লক্ষ্মী’ খ্যাত সুপারির দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে। কৃষকেরা গত নভেম্বর-ডিসেম্বর মাসে কম দামে তাঁদের সুপারি বিক্রি করে ফেলেন। এখন শুধু ভেজানো সুপারি আছে মজুতদারদের কাছে। গত পাঁচ মাসে (জানুয়ারি-মে) দাম বেড়ে প্রতি কাহন (১২৮০টি) বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়।
এ বছর ব্যবসায়ীরা কৃষকের কাছ থেকে প্রতি কাহন সুপারি ৯৫০ থেকে ১০০০ টাকায় কিনে ভিজিয়ে রাখেন। গেল বছর কৃষক ভালো দাম পেলেও এবার ছিল তার উল্টো। কৃষক সুপারি বিক্রি শেষ করার পর এখন প্রতিদিনই দাম বাড়ছে। এতে তাঁরা হতাশ হয়ে পড়েছেন। উপজেলা কৃষি কার্যালয়ের হিসাবে, ভেজানো ও শুকনো সুপারি বেচা-কেনায় উপজেলায় বছরে প্রায় ১৫০ কোটি টাকার লেনদেন হয়।
উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ৩ হাজার ৪০০ হেক্টর জমিতে সুপারি বাগান রয়েছে। এ বছর এসব বাগানে প্রায় ১২ হাজার মেট্রিক টন সুপারি উৎপাদন হয়। এসব সুপারি পানিতে ভিজিয়ে এবং শুকনো অবস্থায় সংরক্ষণ করা হয়। বর্তমানে বাজারে প্রতি মণ শুকনো সুপারি বিক্রি হচ্ছে ১০ হাজার টাকা দরে। আর প্রতি কাহন ভেজানো সুপারি বিক্রি হচ্ছে আড়াই হাজার টাকায়।
চর মোহনা গ্রামের কৃষক মনির হোসেন, বামনী গ্রামের মো. মোরশেদসহ ৯ জন কৃষক বলেন, নভেম্বর-ডিসেম্বর মাসে বাগানের সুপারি পেকে যায়। ওই সময় ভেজানো সুপারির মজুতদাররা জোটবদ্ধ হয়ে কম দামে বাজার থেকে সুপারি কেনেন। কৃষকের বিক্রি শেষ হয়ে গেলে বাজারে দাম বেড়ে যায় লাফিয়ে-লাফিয়ে। এতে সাধারণ কৃষকেরা লোকসানে পড়েন।
সাতজন সুপারি ব্যবসায়ীর সঙ্গে আলাপ করে জানা গেছে, উপজেলার ২৬টি হাটবাজার থেকে তারা নভেম্বর ও ডিসেম্বর মাসে প্রতি কাহন সুপারি ৯৫০ থেকে ১০০০ টাকা দরে কিনে নদী, খাল, পুকুর ও পানিভর্তি চৌবাচ্চায় ভিজিয়ে রাখেন। এ ছাড়া উৎপাদিত সুপারির অর্ধেকের মতো শুকানোর জন্য সংরক্ষণ করেন। জানুয়ারি থেকে মে মাসে ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে ভেজানো সুপারির দাম বেড়ে যায়। এতে তাঁদের দ্বিগুণের বেশি লাভ হয়।
বাসাবাড়ি গ্রামের ভেজা সুপারির ব্যবসায়ী মো. রাজা মিয়া বলেন, ‘এ বছর তিন হাজার কাহন সুপারি কিনে ভিজিয়েছি। এতে খরচ হয়েছে ২৮ লাখ টাকা। আর এখন সেই সুপারির দাম উঠেছে ৭৫ লাখ টাকার বেশি। এখনো বিক্রি করিনি। দাম আরও বাড়তে পারে।’
উপজেলা কৃষি কর্মকর্তা মো. জহির আহম্মেদ বলেন, ‘দেশব্যাপী লক্ষ্মীপুরের সুপারির খ্যাতি আছে। সুপারি এখানকার মানুষের আর্থিক সচ্ছলতা এনেছে। এবার মৌসুমের শুরুতে দাম কম থাকায় কৃষক লোকসানের মুখে পড়েছিল। এখন ভেজানো সুপারির দাম বেড়ে গেছে। আর বাজার নিয়ন্ত্রণের বিষয়ে আমাদের কোনো হাত নেই।’