রায়পুরে খালে বিষ ঢেলে পাঁচ লাখ টাকার মাছ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগঞ্জে গতকাল বৃহস্পতিবার সকালে ইজারা নেওয়া খালে প্রকাশ্যে বিষ ঢেলে মাছ নিধন করেছেন কয়েকজন। পূর্বশত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। এতে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয় বলে ইজারাদার মৎস্যচাষি এনামুল হকের দাবি।খোঁজ নিয়ে জানা গেছে, কয়েক বছর ধরে উপজেলার চরআবাবিল গ্রামের এনামুল হক পানি উন্নয়ন বোর্ড (পাউবো) থেকে ১১ একর খাল ইজারা নেন। চাঁদপুর সেচ প্রকল্পের (সিআইপি) বেড়িবাঁধের ভেতরে বোরো ফিট খালের রায়পুরের রচিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের সামনে থেকে পূর্বে রজব আলী মুন্সিবাড়ির সামনের অংশে তিনি মাছ চাষ শুরু করেন। এর মধ্যে রুই, কাতল, গ্রাসকার্পসহ বিভিন্ন প্রজাতির মাছ রয়েছে। গতকাল সকাল ১০টার দিকে পূর্বশত্রুতার জের ধরে চরবংশী গ্রামের সিরাজ মিয়া ও জিন্নাহ মোল্লা কয়েকজন সহযোগী নিয়ে খালে বিষ ঢেলে দেন। এর পর থেকে খালে মাছগুলো মরে ভেসে ওঠে। ছোট পোনা মাছ ছাড়াও আধা কেজি থেকে দেড় কেজি ওজনের মাছ রয়েছে।