রায়পুরে খেলা নিয়ে সংঘর্ষে আহত ৩৫
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাপিলাতলী কেএস পাবলিক উচ্চবিদ্যালয় মাঠে গ্রীষ্ককালীন ক্রীড়া প্রতিযোগিতার হ্যান্ডবল খেলাকে কেন্দ্র করে গতকাল শনিবার দুটি বিদ্যালয়ের ছাত্রদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এ সংঘর্ষে উভয় পক্ষের ৩৫ ছাত্র আহত হয়।তাদের মধ্যে অন্তত ২০ জনকে লক্ষ্মীপুর সদর হাসপাতাল, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শহরের বিভিন্ন প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয়।কাপিলাতলী কেএস পাবলিক উচ্চবিদ্যালয় ও রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রদের সংঘর্ষকে পুঁজি করে এলাকার ৫০-৭০ জনের একদল যুবকশ্রেণীর সন্ত্রাসী লুটপাট চালায়। তারা রায়পুরমুখী ছাত্রদের কাছ থেকে সাইকেলসহ মালামাল ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার রায়পুরের পূর্বাঞ্চল জোনের আহ্বায়ক ও কেএস পাবলিক উচ্চবিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিতোষ সাহা জানান, গতকাল সকাল ১০টার দিকে মোল্লারহাট উচ্চবিদ্যালয় ও এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রদের মধ্যে হ্যান্ডবল খেলা শুরু হয়। একপর্যায়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এলএম এবং তার বিদ্যালয়ের ছাত্ররা সংঘর্ষে জড়িয়ে পড়ে। উদ্ভূত পরিস্থিতিতে প্রতিযোগী আটটি প্রতিষ্ঠানের খেলা স্থগিত রাখা হয়। কাপিলাতলী কেএস পাবলিক উচ্চবিদ্যালয়ের সভাপতি ফারুক হোসেন বলেন, ‘সংঘর্ষের সময় আমি ঘটনাস্থলে ছিলাম। পুলিশ এনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যালয়ের বাইরে রায়পুরের কিছু ছাত্রের বাইসাইকেল ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয় বলে আমাকে জানানো হয়।’রায়পুর এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘আমাদের ছাত্ররা ফেরার পথে এলাকার সন্ত্রাসীরা সিএনজি ও বাইসাইকেল থেকে নামিয়ে তাদের বেদম মারধর করে। ধারালো অস্ত্র দিয়ে কয়েক ছাত্রকে কুপিয়ে জখম করা হয়। তারা ছাত্রদের তিন লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।’রায়পুর থানার উপপরিদর্শক শামছুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। পরে ওই এলাকা থেকে এলএম পাইলট উচ্চবিদ্যালয়ের ছাত্রদের পুলিশ পাহারায় উদ্ধার করে নিয়ে আসা হয়। তবে এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ করেনি।