রায়পুরে গণপিটুনিতে ডাকাত নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় চরমোহনা ইউনিয়নের মিতালী বাজার এলাকার বিগমসীল গ্রামে গণপিটুনিতে রুহুল আমিন (৩৫) নামের এক ডাকাতের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে উন্নত চিকিৎসার জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এক বাড়িতে ডাকাতির সময় তিনি ধরা পড়েছিলেন।
এর আগে গত বৃহস্পতিবার দিবাগত রাতে ওই গ্রামের ব্যবসায়ী শরিফ হোসেনের বাড়িতে ডাকাতির সময় রুহুল আমিনকে ধরে ফেলে জনতা। পরে তাঁকে গণপিটুনি দিয়ে গুরুতর আহত অবস্থায় পুলিশে দেওয়া হয়। নিহত রুহুল আমিন উপজেলার চরলক্ষ্মী গ্রামের এরশাদ হাওলাদারের ছেলে।
হাসপাতালে চিকিৎসাধীন আহত ব্যবসায়ী শরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার রাত দুইটার দিকে তাঁর বসতঘরের দরজা ভেঙে আট-দশজন ডাকাত ঘরে ঢুকে পড়ে। এ সময় ডাকাতেরা তাঁকে পিটিয়ে আহত করে ঘরে থাকা নগদ দুই লাখ টাকা ও কিছু স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। তখন বাড়ির বাসিন্দাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ডাকাত রুহুল আমিনকে ধরে ফেলেন। তবে অন্য ডাকাতেরা পালিয়ে যেতে সক্ষম হন।
রায়পুর থানার পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন বলেন, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে থানায় দুটি মামলা করেছে।