রায়পুরে গণপিটুনিতে দুই ডাকাত নিহত
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কাজিরচর গ্রামে গত বুধবার দিবাগত রাতে ডাকাত সন্দেহে গ্রামবাসীর গণপিটুনিতে দুই ব্যক্তি নিহত হয়েছে।এ সময় ডাকাতেরা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। তাদের গুলিতে ১৫ জন গুলিবিদ্ধসহ অন্তত ৪০ ব্যক্তি আহত হয়েছে।পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ডাকাতদের লক্ষ্য করে ছয়টি রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পুলিশ একটি বন্দুক, দুটি তাজা গুলি, পাঁচটি গুলির খোসা ও ডাকাতির কয়েকটি সরঞ্জাম উদ্ধার করে।প্রত্যক্ষদর্শী ব্যক্তিরা জানান, উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়নের কাজিচর গ্রামের শরীফ হোসেন ও মিজানুর রহমানের বাড়িতে রাত দুইটার দিকে একদল সশস্ত্র ডাকাত ঢোকে। এ সময় তাদের চিৎকারে এলাকাবাসী জড়ো হয়। তারা পুলিশকে খবর দেয়। একপর্যায়ে পুলিশ ও এলাকাবাসী ডাকাতদের ঘিরে ফেলে। আঁচ করতে পেরে ডাকাতেরা পুলিশ ও এলাকাবাসীকে এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পুলিশ পাল্টা গুলি ছুড়লে ঘটনাস্থলে দুই ডাকাত আহত হয়। পরে এলাকাবাসী পেটালে ঘটনাস্থলেই তারা মারা যায়। নিহত ডাকাতদের একজন রামগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের আলী আহাম্মদ মিস্ত্রির ছেলে সালেহ আহাম্মদ সুজন। অন্যজনের নাম জানা যায়নি। গুলিবিদ্ধ ব্যক্তিরা হলেন গৃহকর্তা শরীফ হোসেন, মিজানুর রহমান, কবির উদ্দিন, আলাউদ্দিন, সাদ্দাম হোসেন, মো. কামাল, ওমর ফারুক, আজাদ, কামাল হোসেন, রাজু, রানী বেগম, মো. আমিনসহ ১৫ জন রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরীফ হোসেন ও কবির উদ্দিন জানান, ডাকাতেরা পালানোর সময় অন্তত ২০ থেকে ২৫টি গুলি করে। এ তারা সময় পাঁচ-ছয়টি ককটেলের বিস্ফোরণ ঘটায়। এ ঘটনায় গুলিবিদ্ধসহ কমপক্ষে ৪০ জন জখম হয়েছে। ডাকাতেরা যে দুটি বাড়িতে ঢুকেছে, সেখান থেকে কিছু নিতে পারেনি বলে জানান তাঁরা।উপজেলার ১০ নম্বর রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইউসুফ জানান, এলাকায় ডাকাত ঢুকেছে, এ খবরে গ্রামবাসী সংগঠিত হয়। একপর্যায়ে তাদের ধাওয়া করলে তারা গুলি ছুড়তে ছুড়তে এলাকা ত্যাগ করে। এতে ১৪ থেকে ১৫ জন গুলিবিদ্ধসহ অনেকেই আহত হয়েছে। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রূপক কুমার সাহা জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ডাকাতকে লক্ষ্য করে ছয়টি রাবার বুলেট ব্যবহার করেছে। এ ঘটনায় অস্ত্র আইন, ডাকাতি ও নিহতের ঘটনায় পৃথক তিনটি মামলা করার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।