রায়পুরে চলছে অবৈধ ট্রলি, ঘটছে প্রাণহানি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা পরিষদ সড়কে গত বুধবার রাত আটটার দিকে বেপরোয়া গতির একটি ট্রলি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান আবিদ উল্যা (৫০) নামের এক বৃদ্ধ। আহত হন আরও এক যাত্রী। এ নিয়ে থানায় মামলা হয়েছে। গত তিন মাসে অবৈধ ট্রলিতে কমপক্ষে ২০টি দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছে প্রায় অর্ধশত। তবে এসব ঘটনায় থানায় কোনো মামলা হয়নি।খোঁজ নিয়ে জানা গেছে, কৃষিকাজে (খেত চাষ) ব্যবহূত ট্রাক্টর দিয়ে বানানো হয় ট্রলি। স্থানীয়ভাবে বানানোর কারণে এগুলো মানসমঞ্চত হয় না। যেনতেনভাবে ওয়ার্কশপে বানানো হয় বডি। থাকে না পেছনে ব্রেকও। রাস্তায় চলাচল করা এগুলো বেআইনি। অথচ উপজেলায় শতাধিক ট্রলি অবৈধভাবে চলছে। এসব ট্রলি দিয়ে ইট, বালু, রড সিমেন্ট ও গাছসহ বিভিন্ন ভারী পণ্য আনা-নেওয়া করা হয়। এতে অহরহ ঘটে দুর্ঘটনা।স্কুলশিক্ষক জাহিদুল করিম জানান, গত ১৫ মার্চ বামনী সড়কের পাশ দিয়ে বিদ্যালয় যাচ্ছিল অষ্টম শ্রেণীর ছাত্রী রোকেয়া বেগম। এ সময় একটি ট্রলি তাকে চাপা দেয়। এতে মেয়েটি গুরুতর আহত হয়। ভেঙে যায় তার ডান হাত। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পাঁচ-ছয় বছর ধরে ট্রলির ব্যবসা করছেন হায়দরগঞ্জের আলতাফ হোসেন মিহির। তিনি বলেন, ট্রলিতে করে কম দামে লোকজন মালামাল আনা-নেওয়া করতে পারে। অবৈধ হলেও তা মানুষের উপকারে আসে। দুর্ঘটনা এড়াতে সতর্কভাবে চালাতে চালকদের কঠোরভাবে বলা হয়েছে।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম চৌধুরী বলেন, ট্রলিগুলো রাস্তায় চলাচল অবৈধ। স্থানীয়ভাবে তৈরি করা এ ট্রলিগুলোর ভারসাম্য থাকে না। এতে দুর্ঘটনা ঘটে। এগুলো রাস্তায় চলাচল বন্ধ করে দেওয়া হবে।