রায়পুরে চার পুলিশ প্রত্যাহার, উদ্ধার হয়নি পে-অর্ডার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলীর (এলইজিডি) কক্ষ থেকে দরপত্রের ব াক্স ছিনতাইয়ের ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে পুলিশের এক সহকারী উপপরিদর্শক (এএসআই) ও তিন কনস্টেবলকে প্রত্যাহার করা হয়েছে।
পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আবুল ফায়েজ গতকাল বুধবার সন্ধ্যায় প্রত্যাহারের কথা নিশ্চিত করে বলেন, দায়িত্বে অবহেলা প্রমাণিত হলে তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
রায়পুর থানার এএসআই মো. মহসিন, কনস্টেবল মোস্তাফিজুর রহমান, শফিকুল আলম ও পীযূষ চন্দ্র পালকে রায়পুর থানা থেকে প্রত্যাহার করে লক্ষ্মীপুর পুলিশ লাইনে পাঠানো হয়েছে।
দরপত্রের বাক্স ছিনতাইয়ের ঘটনায় গত মঙ্গলবার রাতে থানায় মামলা হয়। এদিকে গতকাল বুধবারও পুলিশ ঘটনার সঙ্গে জড়িত যুবলীগের কোনো নেতাকে গ্রেপ্তার করতে পারেনি। উদ্ধার হয়নি দরপত্রের সঙ্গে থাকা পে-অর্ডারও।
রায়পুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন খোকন গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, ‘যুবলীগের টেন্ডার-সন্ত্রাসের দায় আওয়ামী লীগ নেবে না। যুবলীগের নেতারা টেন্ডার বাক্স ছিনতাই করায় দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। ভবিষ্যতেও আওয়ামী লীগ তাদের এসব সন্ত্রাসী কর্মকাণ্ডে প্রশ্রয় দেবে না। ঘটনাটি যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ও সাধারণ সম্পাদককে জানানো হয়েছে।’
মামলার তদন্তকারী কর্মকর্তা ও রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার বলেন, ভাঙচুর করা বাক্সটি উদ্ধার করে আলামত হিসেবে জব্দ করা হয়েছে। তবে বাক্সের ভেতরের দরপত্রগুলো উদ্ধার করা সম্ভব হয়নি।
উপজেলার এলজিইডি প্রকৌশলীর কক্ষের ভেতর থেকে গত মঙ্গলবার দরপত্রের বাক্স ছিনতাই করেন যুবলীগের নেতারা। এ সময় তাঁরা কাঠের তৈরি বাক্সটি বাইরে নিয়ে ভেঙে ঠিকাদারদের দাখিল করা কয়েকটি দরপত্র নিয়ে যান। দুই কোটি ১৫ লাখ টাকার তিনটি প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মাণকাজের দরপত্রে আওয়ামী লীগের নেতারা সমঝোতা না করায় ক্ষুব্ধ যুবলীগের নেতারা এ ঘটনা ঘটান বলে অভিযোগ উঠেছে।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রায়পুর উপজেলা যুবলীগের তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। উপজেলা ও পৌর যুবলীগের আহ্বায়ক কমিটির কার্যত্রম সাময়িক স্থগিত করা হয়েছে।