লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের আইয়েনগর গ্রামের একটি বাড়িতে গত সোমবার দিবাগত রাতে একদল ডাকাত হানা দেয়। এ সময় বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া করলে ডাকাতেরা ছয়টি গুলি ছোড়ে। এতে শামছুল আলম নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হন।একই রাতে রায়পুর উপজেলায় পাঁচটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতের দল নারীসহ ১২ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। এ সময় ডাকাতেরা স্বর্ণ, টাকা, মুঠোফোনসহ চার লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। আহত ব্যক্তিরা স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছে।ক্ষতিগ্রস্ত দরবেশপুর উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক খোরশেদ আলম জানান, ১০-১২ জন মুখোশ পরা ডাকাত রাতে সিঁধ কেটে তাঁর ঘরে ঢুকে পড়ে। টের পেয়ে বাড়ির লোকজন হইচই শুরু করলে ডাকাতেরা কমপক্ষে ছয়টি গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হন শামছুল আলম (৩০)। ডাকাতেরা আরও দুজনকে পিটিয়ে আহত করে। শামছুলকে গুরুতর আহত অবস্থায় নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে গতকাল মঙ্গলবার বিকেলে ঢাকায় পাঠানো হয়। যোগাযোগ করা হলে রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মঞ্জুরুল হক বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।রায়পুরে ওই রাতে পাঁচটি বাড়িতে ডাকাতি হয়। ডাকাতি করে মালামাল নিয়ে পালানোর সময় এলাকাবাসীর হাতে ধরা পড়েন সাদেক (৩০) নামের একজন। উত্তেজিত এলাকাবাসী তাঁকে পিটুনি দেয়। খবর পেয়ে রায়পুর থানার পুলিশ এলাকাবাসীর হাত থেকে সাদেককে উদ্ধার করে। তাঁকে রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সাদেক চাঁদপুরের হাইমচর এলাকার চরকৃষ্ণপুর গ্রামের আলী আহাম্মদের ছেলে।যোগাযোগ করা হলে রায়পুর থানার ওসি আবুল কাশেম চৌধুরী বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় রায়পুর থানায় মামলা হয়েছে।’