রায়পুরে চিকিৎসকের ভুল অস্ত্রোপচারে প্রসূতি মুমূর্ষু
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিশির কুমার রায়ের ভুল অস্ত্রোপচারে রহিমা বেগম (২৫) নামের এক দরিদ্র প্রসূতির এখন মুমূর্ষু অবস্থা। গতকাল মঙ্গলবার দুপুরে তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রসূতি মাতৃস্বাস্থ্য স্কিম ভাউচার প্রকল্পের কার্ডধারী।প্রসূতির পরিবার সূত্র জানায়, গত রোববার সকালে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অস্ত্রোপচারের পর তাকে পাঁচ থেকে ছয় ব্যাগ রক্ত দেওয়া হয়। কিন্তু রক্ত শরীরে থাকছে না। এতে তিনি দুর্বল হয়ে পড়েন। চিকিৎসকের ভুল চিকিৎসার কারণে এমনটি হয়েছে বলে তাদের অভিযোগ। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উদমারা গ্রামের কৃষক আবদুর রহিমের মেয়ে রহিমার গত শনিবার রাতে প্রসববেদনা ওঠে। রোববার সকাল সাতটার দিকে তাঁকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বেলা ১১টার দিকে শিশির কুমার রায় রহিমার অস্ত্রোপচার করেন। এবং তাঁর কন্যাসন্তান জন্ম নেয়। এর পর থেকে তাঁর রক্তশূন্যতা দেখা দেয়। ইতিমধ্যে পাঁচ থেকে ছয় ব্যাগ রক্ত সংগ্রহ করে দেওয়া হয়েছে।শিশির কুমার রায় জানান, রহিমা নামের ওই রোগীর সঠিক অস্ত্রোপচার করা হয়েছে। পরে লিভার ও কিডনিতে সমস্যা দেখা দেয়। এতে তাঁর অবস্থার অবনতি ঘটে। এ জন্য তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিতে বলা হয়েছে। নবজাতক সুস্থ রয়েছে বলে তিনি জানান।