রায়পুরে ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা, আটক ২
লক্ষীপুরের রায়পুর উপজেলার চরপাতা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক একরামুল কবিরকে (২৬) গত রোববার রাতে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ওই রাতেই পুলিশ উত্তর চরপাতা গ্রাম থেকে ইসমাইল হোসেন ও কামরুল হাসান নামের দুজনকে আটক করেছে।রোববার রাতেই ছাত্রদলের নেতা-কর্মীরা রায়পুর উপজেলা সদরে বিক্ষোভ করেন। পরে রাত ১০টার দিকে তাঁরা বাস টার্মিনাল এলাকায় দলীয় কার্যালয়ের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে লক্ষ্মীপুর-চাঁদপুর সড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন।পুলিশ ও নিহত একরামুলের পরিবারের সদস্যরা জানান, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে উত্তর চরপাতা গ্রামের রনি, তামিম, ফয়সালসহ কয়েক যুবক একরামুলের ভাই ইমরানকে মারধর করেন। একরামুল রোববার রাতে ইউপি কার্যালয়ের সামনের সড়কে শাহাদাত, রবিন, রিয়াদ, ইসমাইল হোসেন, কামরুল হাসানসহ কয়েক যুবকের কাছে মারধরের কারণ জানতে চান। এ সময় তাঁরা উত্তেজিত হয়ে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যান। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাঁর গলা, বাহুসহ শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের সাত-আটটি আঘাতের চিহ্ন রয়েছে।ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদককে হত্যার ঘটনায় গতকাল সোমবার দুপুরে তাঁর ছোট ভাই ইমরান হোসেন বাদী হয়ে আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ছয়জনকে আসামি করে মামলা করেছেন। ইমরান বলেন, ‘আমাকে মারধরের প্রতিবাদ করতে গিয়ে বড় ভাইকে জীবন দিতে হয়েছে। পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে আমার ভাইকে হত্যা করা হয়েছে।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী জানান, একরামুলকে হত্যার ঘটনায় মামলা হয়েছে। রোববার রাতেই ওই ঘটনায় জড়িত সন্দেহে দুই যুবককে আটক করা হয়েছে।