রায়পুরে ছাত্রলীগ-যুবলীগের পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর শহরে গত বুধবার রাত নয়টার দিকে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। দুই পক্ষের নেতা-কর্মীরা শহরে ছেনি, রামদা ও কিরিচ নিয়ে মহড়া দেন। পুলিশ এসে প্রধান সড়কে অবস্থান নিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী ওরফে অ্যানির বিরুদ্ধে ৯ এপ্রিল রাত নয়টার দিকে শহরে ঝাড়ুমিছিল করেন যুবলীগের নেতা-কর্মীরা। এর প্রতিবাদে তাঁর লোকজন বুধবার রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে প্রকাশ্যে মিছিল করে। এ খবর শুনে উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসানের নেতৃত্বে তাঁর লোকজন তাদের ধাওয়া করে। জানা গেছে, উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান ও কলেজ শাখা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম যুবলীগ-ছাত্রলীগের ২০-২৫ জন নেতা-কর্মী নিয়ে চালতাতলী এলাকার মো. শাহাজানের ২৮ শতাংশ জমিতে সাইনবোর্ড টাঙিয়ে দেন। এ সময় রায়পুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক চৌধুরী বাধা দেন। এতে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওমর ফারুক উত্তেজিত হয়ে সাইফুলকে কিল-ঘুষি দিয়ে আহত করেন। এনিয়ে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা ওমর ফারুকের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। রাতে তাঁরা ওমর ফারুকের বিরুদ্ধে ঝাড়ুমিছিল করেন। মিছিলটি শহরের আব্বাস আলী সড়ক থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে।উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান বলেন, ‘ছাত্রনেতা ওমর ফারুক প্রতিদিন দলীয় নেতা-কর্মী ছাড়াও সাধারণ মানুষের সঙ্গে খারাপ আচরণ করেন। তাঁর চাঁদাবাজিতে ইতিমধ্যে শহরের ব্যবসায়ীরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। এ জন্য বাধ্য হয়ে আমরা ঝাড়ুমিছিল করেছি।’এ ব্যাপারে ওমর ফারুক চৌধুরী বলেন, ‘আমার এলাকায় শাহাজাহান নামের এক ব্যক্তির জমি দালাল আলম ভুয়া দলিলে প্রভাবশালী এক ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। ওই ব্যক্তির পক্ষে যুবলীগ ও ছাত্রলীগের কয়েক নেতা-কর্মী জমিতে সাইনবোর্ড লাগাতে গেলে আমি ও এলাকাবাসী বাধা দিই। এতে ক্ষিপ্ত হয়ে তারা আমার বিরুদ্ধে মিছিল করেছে। তার প্রতিবাদে আমার সমর্থকেরা শহরে পাল্টা মিছিল করে।’রায়পুর থানার ওসি আবুল কাসেম চৌধুরী বলেন, কয়েক দিন ধরে ছাত্রলীগ-যুবলীগের মধ্যে উত্তেজনা চলছে। দুই পক্ষ শহরে অবস্থান নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। তবে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।