রায়পুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতাকে মারধর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা ও পৌর ছাত্রলীগের কমিটি গঠনকে কেন্দ্র করে গত শনিবার সন্ধ্যায় দলীয় কর্মীরা কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক মো. ফয়সালকে মারধর করেন। এ ঘটনায় ফয়সাল রায়পুর থানার পুলিশের কাছে লিখিত একটি অভিযোগ দেন। রাত সাড়ে আটটার দিকে পুলিশ ছাত্রলীগের কর্মী আবদুল্লাহ আল মামুন ওরফে লিটনকে গ্রেপ্তার করে। গতকাল রোববার তাঁকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।এর আগে স্থানীয় ছাত্রলীগের কর্মীরা অভিযোগ প্রত্যাহারের দাবিতে কেন্দ্রীয় নেতা ফয়সালসহ জেলা ছাত্রলীগের নেতাদের ডাকবাংলোতে এক ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। এ ঘটনায় গতকাল উপজেলা ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানা গেছে। দলীয় নেতা-কর্মীরা জানান, গত শুক্রবার জেলা ছাত্রলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় মারুফ বিন জাকারিয়াকে আহ্বায়ক করে রায়পুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এ নিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-অর্থবিষয়ক সম্পাদক মো. ফয়সাল অভিযোগ করেন, ‘রায়পুর পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি নাজমুল আহসান ওরফে রিপন দলের চার-পাঁচজন কর্মী নিয়ে আমার ওপর হামলা চালায়।’জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ জামাল ওরফে রিপন বলেন, ‘কেন্দ্রীয় নেতার ওপর হামলার বিষয়টি দুঃখজনক। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের মতো সন্ত্রাসী দলে প্রয়োজন নেই।’ তিনি দাবি করেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে রায়পুর ছাত্রলীগের নেতা নাজমুল আহছান ওরফে রিপন, লিটন, রুবেল, শাকিল চৌধুরী, সৌরভ, আরিফ হোসেন ও মাহফুজুর রহমানকে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।নাজমুল আহসানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া গেছে। তবে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক শাকিল চৌধুরী বলেন, ‘কয়েকজন অছাত্রকে দিয়ে রায়পুরে ছাত্রলীগের কমিটি করার চক্রান্ত করা হয়। এতে ছাত্রলীগের নেতা-কর্মীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। কেন্দ্রীয় ছাত্রলীগের নেতার ওপর কে বা কারা হামলা করেছে তা আমরা জানি না।’ বহিষ্কার সম্পর্কে শাকিল চৌধুরী বলেন, ‘বহিষ্কার করার আগে আমাদের কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। কিন্তু তা দেওয়া হয়নি এবং বহিষ্কারের কপিও আমরা এখনো হাতে পাইনি।’ রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ছাত্রলীগের কিছু নেতা-কর্মী কেন্দ্রীয় নেতা ফয়সালকে মারধর করে। তাঁর অভিযোগের ভিত্তিতে লিটনকে গ্রেপ্তার করা হয়। শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।