রায়পুরে ছাত্রলীগের সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে গত শনিবার দলীয় নেতা-কর্মীদের হামলায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়কসহ চারজন আহত হন। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে শহরে দুই পক্ষ পাল্টাপাল্টি মিছিল করেছে। এক পক্ষ রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এতে দুর্ভোগের শিকার হয় যাত্রীরা।দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, শহরের উপজেলা পরিষদ সড়কের আল-নূর ট্রেডার্সে মোটরসাইকেলের যন্ত্রাংশ বাকিতে কেনাকে কেন্দ্র করে শুক্রবার বেলা ১১টার দিকে দোকানের মালিক কবির হোসেন ও তাঁর লোকজনের সঙ্গে উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুকের বাদানুবাদ হয়। কবির বিষয়টি আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের জানান। এতে ক্ষুব্ধ হয়ে শনিবার সকাল ১০টার দিকে ফারুক তাঁর সহযোগীদের নিয়ে কবিরের দোকানে হামলা চালান এবং রড দিয়ে পিটিয়ে কবিরের মাথা ফাটিয়ে দেন। তাঁরা দোকানের কর্মচারী টিটুকেও মারধর করেন। তাঁদের রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় দোকানের মালিক কবির শনিবার ফারুকসহ আট-নয়জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মারুফ বিন জাকারিয়া ও যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন আহত ব্যক্তিদের হাসপাতালে দেখতে যান। এ সময় ফারুক ও তাঁর সহযোগীরা হাসপাতালের সামনে তাঁদের মারধর করেন।এ ঘটনার প্রতিবাদে মারুফ ও মামুনের সমর্থকেরা রাখালিয়া ও বাসাবাড়ি এলাকায় রায়পুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক বিকেল পাঁচটা থেকে দুই ঘণ্টা অবরোধ করে রাখে। এতে কয়েক শ যানবাহন আটকা পড়ে দুর্ভোগের শিকার হয় হাজার হাজার যাত্রী। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দোষী ব্যক্তিদের বিচারের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।ছাত্রলীগের নেতা ওমর ফারুক বলেন, ‘মারুফের ইন্ধনে কবির হোসেন আমার নামে থানায় মিথ্যা মামলা করতে যান। বিষয়টি জানার পর আমার সঙ্গে থাকা ক্ষুব্ধ কর্মীরা তাঁদের মারধর করেন।’উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মারুফ বিন জাকারিয়া বলেন, ‘আমাদের ওপর হামলার ঘটনায় ক্ষিপ্ত হয়ে নেতা-কর্মীরা সড়ক অবরোধ করে।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রতনকৃষ্ণ নাথ বলেন, ‘দরবারে না জিতলে ঘরে গিয়ে বউকে মারে। এখন ছাত্রলীগের অবস্থাও হয়েছে তা-ই। তারা নিজেরা নিজেরা মারামারি করে রাস্তা অবরোধ করে।’