রায়পুরে জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
লক্ষ্মীপুরের রায়পুর শহরের বাস টার্মিনাল এলাকায় গত মঙ্গলবার রাতে জেলা পরিষদের জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে পৌরসভার দুজন কর্মচারী, যুবদলের নেতাসহ উভয় পক্ষের ১০ জন আহত হয়েছেন। তাঁদের ছয়জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, কয়েক বছর আগে পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা নান্টু ও তাঁর বাবা ওই এলাকায় তাঁদের বাড়ির সামনের রাস্তার পাশের একটি জলাশয় জেলা পরিষদ থেকে লিজ নেন। ১০-১৫ দিন আগে তাঁরা লোকজন নিয়ে জমিটি ভরাটের কাজ শুরু করেন। এ নিয়ে রায়পুর পৌরসভার পানি সরবরাহ শাখার বিল ক্লার্ক আবদুল আজিজের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়। পরে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হন। আহত ব্যক্তিদের মধ্যে পৌরসভার পরিচ্ছন্নতা পরিদর্শক রোমান পাঠান ও আবদুল আজিজ, পারভিন আক্তার, খলিলুর রহমান, আইয়ুব আলী ও নুরুল হুদাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। যুবদলের নেতা নুরুল হুদা বলেন, ‘আমাদের লিজ নেওয়া জমির ওপর আজিজদের কুনজর পড়ে। এ জন্য সে লোকজন নিয়ে আমাদের ওপর হামলা চালায়।’ অভিযোগ অস্বীকার করে আবদুল আজিজ বলেন, ‘আমার মামা আলতাফ ভরাট করা জমির পাশে দাঁড়িয়ে ছিলেন। এ সময় নুরুল হুদা সহযোগীদের নিয়ে তাঁকে মারধর করে। বাধা দিতে এলে আমরা হামলার শিকার হই। রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) আবুল বাশার জানান, পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এ নিয়ে খলিলুর রহমান বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। বিষয়টির তদন্ত চলছে।