রায়পুরে টাকা শাড়ি লুঙ্গি বিতরণের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় এবার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ভোটারদের প্রভাবিত করতে গোপনে ও কৌশলে টাকা, শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচন কমিশনের কড়াকড়ির কারণে প্রার্থীদের প্রকাশ্য তৎপরতায় আগের মতো জাঁকজমক নেই। কিন্তু টাকা দিয়ে ভোট কেনার পুরোনো প্রচেষ্টাও থেমে নেই। এ জন্য ভোটের এক সপ্তাহ আগে থেকে এবার সাধারণ প্রার্থীদের কর্মীরা ওয়ার্ডে ওয়ার্ডে পাহারা দিচ্ছেন। আগামী ১২ ও ১৫ জুন উপজেলার ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে।কেরোয়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী মোজাম্মেল হক বলেন, ‘যারা দিন এনে দিন খায়, ওই সব মানুষকে টাকা দিয়ে প্রভাবিত করা হচ্ছে। এসব কালো টাকা আটক করতে পাড়া-মহল্লায় কর্মীরা পাহারা দিচ্ছেন।’ সোনাপুর ইউপি চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা বলেন, ‘ভোটারদের প্রভাবিত করতে এক প্রার্থী এলাকায় শাড়ি ও টাকা বিলি শুরু করেছেন।’দক্ষিণ চরবংশী ইউপির চেয়ারম্যান প্রার্থী হারুনুর রশিদ বলেন, ‘আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আবদুর রশিদ মোল্লা চরের অসহায় ভোটারদের গোপনে টাকা, শাড়ি ও লুঙ্গি বিলি করছেন। বিগত নির্বাচনেও তিনি কালো টাকা বিলি করে নির্বাচিত হয়েছিলেন।’ তবে এ অভিযোগ স্বীকার করে আবদুর রশিদ মোল্লা বলেন, ‘আমাকে হেয় করতে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অপপ্রচার চালাচ্ছেন।’ উপজেলা নির্বাচন কর্মকর্তা আশিকুর রহমান সরকার প্রথম আলোকে বলেন, ‘কালো টাকা দিয়ে যেন কেউ ভোট কিনতে না পারে, সেজন্য প্রশাসন তৎপর আছে। এ জন্য ইউনিয়নগুলোতে ভ্রাম্যমাণ আদালত টহলে রয়েছে।’