রায়পুরে ডাকাতি নয়জনকে কুপিয়ে জখম
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত শুক্রবার রাতে দুটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতদল শিশুসহ নয়জনকে কুপিয়ে জখম করেছে। এ ছাড়া পাঁচ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো দাবি করেছে।ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ভাষ্যমতে, উপজেলার দেবীপুর গ্রামের মো. লিটনের বাড়িতে রাত তিনটার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত হানা দেয়। তারা দরজা ভেঙে ঘরের ভেতরে ঢুকে লিটন (৩০), তাঁর বাবা আবদুল মান্নান (৫৫), মা সেতারা বেগম (৪৮), ভাই মোবারক (৮), স্ত্রী সুফিয়া বেগমসহ (২৬) নয়জনকে কুপিয়ে আহত করে। পরে অস্ত্রের মুখে তাঁদের জিম্মি করে ৩০ হাজার টাকা, সাত ভরি স্বর্ণালংকার, মুঠোফোন সেটসহ অন্যান্য দামি মালামাল লুট করে। এরপর ডাকাতদল একই গ্রামের হাজি আকরাম বেপারী বাড়ির বাবুল মিয়ার ঘরেও হানা দেয়। তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়। রায়পুর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) নাছিরুল ইসলাম মজুমদার বলেন, ডাকাতির ঘটনায় জড়িত অভিযোগে ছানাউল্যাহ (৩২) নামের একজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।