রায়পুরে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় তিনজনকে গতকাল মঙ্গলবার ভোররাতে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচটি অস্ত্র ও ডাকাতি মামলার আসামি মো. রাজনও রয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে তাদের উপজেলার উত্তর কেরোয়া গ্রামের সুনামগঞ্জ বাজার এলাকায় একটি পরিত্যক্ত পোলট্রি খামার থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে তিনটি দেশীয় ধারালো ছুরি, শাবল ও ডাকাতি করার কয়েকটি সরঞ্জাম পাওয়া যায়। এ ঘটনায় রায়পুর থানার উপপরিদর্শক ইকবাল হোসেন বাদী হয়ে গ্রেপ্তার হওয়া তিনজন ও অজ্ঞাত সাত-আটজনের বিরুদ্ধে থানায় মামলা করেন। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলো উত্তর কেরোয়া গ্রামের সৈয়দ আহাম্মদের ছেলে রাজন (৩০), দক্ষিণ কেরোয়া গ্রামের আবুল কাশেমের ছেলে মোবারক হোসেন (২৪) ও বামনী ইউনিয়নের বাংলাবাজার এলাকার মৃত ওহাব আলী মিস্ত্রির ছেলে সুমন (২২)। রায়পুর থানার উপপরিদর্শক শামছুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আন্তজেলা ডাকাত দলের তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে রাজনের বিরুদ্ধে রায়পুর থানায় ডাকাতি ও অস্ত্র আইনে পাঁচটি মামলা রয়েছে। তারা রায়পুরসহ বিভিন্ন স্থানে ডাকাতি করে আসছিল। তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।