রায়পুরে ডায়রিয়ায় একজনের মৃত্যু, আক্রান্ত তিন শতাধিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার চরলক্ষ্মী গ্রামে ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত এক সপ্তাহে এই গ্রামে ডায়রিয়ায় একজন মারা গেছে এবং তিন শতাধিক মানুষ আক্রান্ত হয়েছে। ডায়রিয়ায় মঙ্গলবার চরলক্ষ্মী গ্রামের মুসলিম মাঝির স্ত্রী মনোয়ারা বেগম (৫০) মারা গেছেন। আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য এলাকায় একটি ক্যাম্প স্থাপন করা হয়েছে।জানা গেছে, গত বুধবার (১৯ মে) চরলক্ষ্মী গ্রামে ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। প্রথম দিনে অর্ধ শতাধিক লোক আক্রান্ত হয়। পরে পরিস্থিতি অবনতির দিকে যায়। আক্রান্ত ব্যক্তিদের অধিকাংশ নারী ও শিশু। চরলক্ষ্মী গ্রামের পরিবার পরিকল্পনা সহকারী কাউসার পারভীন ডায়রিয়ায় একজনে মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ডায়রিয়া পরিস্থিতি অবনতি হওয়ায় আমার বাড়িতে ক্যাম্প স্থাপন করা হয়েছে। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ৩০ থেকে ৩৫ জনকে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআরবি) কেন্দ্রে পাঠানো হয়েছে। আক্রান্ত ব্যক্তির সংখ্যা তিন শতাধিক হবে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মফিজুল আলম বলেন, ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। আরও দু-এক দিন ওই এলাকায় ক্যাম্প থাকবে। পুকুর ও ডোবার দূষিত পানি ব্যবহারের কারণে ডায়রিয়া হতে পারে।