লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় হতদরিদ্রদের কাছে ১০ টাকা কেজি দরে চাল বিক্রির জন্য ডিলার নিয়োগে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। একটি বিদ্যালয়ের অফিস সহকারীকে ওই দায়িত্ব দেওয়া হয়েছে। অথচ সরকারের কাছ থেকে বেতন-ভাতা পাচ্ছেন, এমন ব্যক্তি ডিলার হিসেবে দায়িত্ব পালন করতে পারেন না।
উপজেলা খাদ্যনিয়ন্ত্রকের কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১০ টাকায় চাল বিতরণে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫ হাজার ১২৬ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। চাল বিক্রির জন্য উপজেলার ১০ ইউনিয়নে ১৩ জন ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কার্ডধারীরা প্রতি মাসে ৩০ কেজি করে চাল কিনতে পারবেন। চরপাতা ইউনিয়নে ডিলারের দায়িত্ব পেয়েছেন রায়পুর মার্চেন্টস একাডেমীর অফিস সহকারী মশিউর রহমান।
খোঁজ নিয়ে জানা গেছে, মশিউর রহমানের ছোট ভাই মো. জুয়েল চারপাতা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য। আর ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খোরশেদ আলম মশিউর রহমানের সম্পর্কে চাচা হন। তাঁরা সবাই একই বাড়ির বাসিন্দা।
গত সোমবার মশিউর রহমানের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি ডিলারের দায়িত্ব পালন করার কথা স্বীকার করে বলেন, ‘জুয়েল আগে ডিলার ছিল। সে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার পর ডিলারের দায়িত্ব আমি নিয়েছি। গুদাম থেকে চাল তুলে সুবিধাভোগীদের কাছে বিক্রি করছি।’
ডিলার নিয়োগ কমিটির সদস্যসচিব ও উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মো. গিয়াস উদ্দিন বলেন, নীতিমালা মেনেই ডিলার নিয়োগ দেওয়া হয়েছে। কেউ পরিচয় গোপন করলে যাচাই করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।