রায়পুরে ডেসটিনি কার্যালয়ে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুরে গতকাল বৃহস্পতিবার ডেসটিনি ২০০০ লিমিটেডের কার্যালয়ে গিয়ে স্থানীয় কর্মকর্তাদের নাম-ঠিকানা থানায় জমা দেওয়ার নির্দেশ দিয়েছে পুলিশ। এ সময় পুলিশের কর্মকর্তারা কার্যালয়ে রক্ষিত বিভিন্ন নথি সম্পর্কেও দায়িত্বরত ব্যক্তিদের কাছে জানতে চান।রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) শামছুল হক প্রথম আলোকে বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ডেসটিনির কার্যক্রমের ওপর নজরদারি করা হচ্ছে। স্থানীয় কার্যালয়ের সবার নাম-ঠিকানা থানায় জমা দিতে বলেছি আমরা। এ ছাড়া, কার্যালয়ে গিয়ে অফিসের কাগজপত্র পর্যালোচনা করেছি।’তবে কার্যালয়ে পুলিশের অবস্থান এবং কর্মকর্তাদের নাম-ঠিকানা থানায় জমা দেওয়ার বিষয়ে ডেসটিনি কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি।এদিকে কয়েক দিন ধরে বিভিন্ন গণমাধ্যমে ডেসটিনির অবৈধ ব্যাংকিং কার্যক্রম-সংক্রান্ত সংবাদ প্রকাশের ফলে উপজেলার প্রত্যন্ত অঞ্চলের বিনিয়োগকারীরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনেক বিনিয়োগকারী টাকা ফেরত নেওয়ার জন্য কার্যালয়ে ছোটাছুটি শুরু করেছেন।উপজেলার পূর্ব চরপাতা গ্রামের পাটোয়ারীবাড়ির শানু আক্তার বলেন, ‘আই গরু বেছি ১৫ হাজার টিয়া ডেসটিনিত (ডেসটিনি) দেই। অন হুইনছি, হেতারা টিয়া লই চলি গেছে। আর টিয়ার কী অইব।’সোনাপুর গ্রামের হামিদুর রহমান জানান, তিনি ২০০৮ সালে ডেসটিনিতে ৭০ হাজার টাকা জমা দেন। ১২ বছর পর তাঁকে চার লাখ ৯০ হাজার টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। এখন ডেসটিনি নিয়ে লেখালেখি শুরু হওয়ায় টাকা ফেরত নেওয়ার চেষ্টা করছেন তিনি।মিতালি বাজার এলাকার মামুনুর রশিদ নামের এক ব্যক্তি অভিযোগ করেন, লাভের কথা ভেবে প্রথমে ৩০ হাজার টাকার গাছ কিনেছেন তিনি। এ ছাড়া পরিবারের লোকজনের ব্যাংক ডিপিএস ভেঙে পরে আরও এক লাখ ৩০ হাজার টাকা বিনিয়োগ করেছেন। কিন্তু পত্রিকায় লেখালেখি শুরু হওয়ায় আত্মীয়রা এখন ওই টাকা তোলার জন্য তাঁকে চাপ দিচ্ছেন বলে তিনি জানান।জানতে চাইলে নিজেকে ডেসটিনির ‘পিএসডি’ দাবি করে মোহাম্মদ সেলিম বলেন, ‘গ্রাহকদের দুশ্চিন্তার কারণ নেই। ডেসটিনি প্রতারণামূলক কিছু করে না। সরকারের নিয়মনীতি মেনেই আমাদের কার্যক্রম চলছে।’এ বিষয়ে রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম বলেন, ‘ডেসটিনির প্রতারণার খবর লোকমুখে শুনছি। বিনিয়োগকারীরা ভিতরে-ভিতরে টাকা পাওয়ার জন্য দৌড়াদৌড়ি করছে। তবে এ নিয়ে থানায় এখনো কেউ অভিযোগ করেনি।’