লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত তিন মাসে সিএনজিচালিত অটোরিকশা ছোট-বড় শতাধিক দুর্ঘটনার কবলে পড়েছে। এতে দুজন নিহতসহ আহত হয়েছে প্রায় অর্ধশত। পুলিশ বলছে, বেশির ভাগ অটোরিকশাচালকের ড্রাইভিং লাইসেন্স নেই। চালকদের অদক্ষতার কারণেই এসব দুর্ঘটনা ঘটছে।সর্বশেষ ১৮ এপ্রিল রায়পুর-হায়দরগঞ্জ সড়কের শাহজাহান চৌধুরীর বাড়ির সামনে বালুবাহী পাওয়ার ট্রলি ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে হীরালাল মাতব্বর (৫৫) ও উপাসনা (৩১) নামের দুজন নিহত এবং অটোরিকশাচালকসহ ১২ জন আহত হন। এ ছাড়া ৭ এপ্রিল রায়পুর থেকে ছেড়ে যাওয়া একটি অটোরিকশা বোর্ডার বাজার এলাকায় রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে চারজন যাত্রী আহত হয়।১৫ মার্চ লক্ষ্মীপুর-চাঁদপুর আঞ্চলিক সড়কের লেংড়া বাজার এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। আহত হয় এর দুজন যাত্রী। ১৭ মার্চ রায়পুর-লক্ষ্মীপুর সড়কের সিকদার রাস্তায় বেপরোয়া গতির একটি অটোরিকশার সঙ্গে পিকআপের সংঘর্ষ হয়। এতে তিনজন আহত হয়। ১০ ফেব্রুয়ারি রায়পুর-ফরিদগঞ্জ সড়কের খাইল্যার পুলে মোটরসাইকেলের সঙ্গে অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি রাস্তার পাশে পড়ে গেলে তিনজন যাত্রী আহত হয়। ২৫ ফেব্রুয়ারি হায়দরগঞ্জ সড়কে সোলাখালী ব্রিজের কাছে দুটি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশাচালকসহ আহত হয় সাতজন।জানতে চাইলে রায়পুর থানা উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন বলেন, রায়পুরে চার শতাধিক সিএনজিচালিত অটোরিকশা রয়েছে। এসব অটোরিকশাচালকের প্রায় ৭০ শতাংশের ড্রাইভিং লাইসেন্স নেই। তিনি জানান, গত ফেব্রুয়ারি থেকে চলতি মাস পর্যন্ত ছোট-বড় শতাধিক দুর্ঘটনা ঘটেছে। এসব ঘটনায় থানায় জিডি বা মামলা হয়নি। তবে কেউ মারা গেলে থানায় মামলা হয়।মো. সুমন হোসেন ও মিজানুর রহমান নামের স্থানীয় দুজন অটোরিকশাচালক বলেন, অধিকাংশ অটোরিকশাচালকের ড্রাইভিং লাইসেন্স নেই। লাইসেন্স করতে গেলে নানা ঝামেলায় পড়তে হয়। এ কারণে চালকেরা লাইসেন্স করতে চান না। তা ছাড়া লাইসেন্সবিহীন চালকদের ধরতে এত দিন প্রশাসনেরও তেমন কোনো তৎপরতা ছিল না বলে তাঁরা জানান।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী প্রথম আলোকে বলেন, রায়পুরের ৬০ শতাংশ অটোরিকশাচালক আগে রিকশা চালাতেন। তাঁদের প্রায় ৭০ শতাংশের ড্রাইভিং লাইসেন্স নেই। তাঁদের অজ্ঞতার কারণেই দুর্ঘটনার সংখ্যা বাড়ছে। তিনি বলেন, আইনকানুন সম্পর্কে অবহিত করতে চালকদের ডাকা হবে। তাঁদের দুই মাসের মধ্যে ড্রাইভিং লাইসেন্স করতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় তাঁরা অটোরিকশা চালাতে পারবেন না।