রায়পুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৯

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের চরবগা গ্রামে গতকাল শুক্রবার সকালে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ নয়জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছয়জনকে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিরা জানান, জমি নিয়ে আবদুল আলী ও মহরম আলীর সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে গতকাল সকালে তাঁদের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। আহত বক্তিদের মধ্যে উভয় পক্ষের মহরম আলী, আবদুল আলী, ইয়াছমিন, নাছরিন, রানী বেগম ও সাথী আক্তারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত অন্যরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী বলেন, ঘটনাটি পুলিশকে কেউ জানায়নি। অভিযোগ করা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।তিন জুয়াড়ির দণ্ড: রায়পুর উপজেলার গাইয়ারচরের স্বামী বিবেকানন্দ সেবা আশ্রমের পাশে জুয়া খেলার সময় আটক তিন ব্যক্তিকে গতকাল শুক্রবার দুপুরে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। তাঁদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা দুলাল চন্দ্র সূত্রধর।দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন উপজেলার পূর্ব গাইয়ারচর গ্রামের আবদুর রবের ছেলে জামাল হোসেন (২৫), সালামত উল্লাহর ছেলে আক্তার হোসেন (২৮) ও মৃত আলী আহাম্মদের ছেলে সাবু মিয়া (৪১)।হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম ভূঁইয়া জানান, গাইয়ারচরের স্বামী বিবেকানন্দ সেবা আশ্রমে বার্ষিক নামকীর্তন চলছে। গত বৃহস্পতিবার রাতে কয়েক ব্যক্তি ওই আশ্রমের পাশে জুয়া খেলছিলেন। এ সময় জুয়া খেলার সরঞ্জামসহ তিনজনকে আটক করা হয়।