রায়পুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ আহত ১২
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের নাইয়াপাড়ায় জমিসংক্রান্ত বিরোধের জের ধরে গতকাল সোমবার দুপুরে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ ১২ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে বিলাল হোসেন নামের একজনের অবস্থা আশঙ্কাজনক।আহত ব্যক্তিদের লক্ষ্মীপুর সদর হাসপাতাল, রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন নজির আহামঞ্চদ ব্যাপারী, জয়নাল ব্যাপারী, দেলোয়ার হোসেন, মো. দুলাল, সাজেদা বেগম, মিনারা খাতুন, আনসার আলী, হানিফ আলী, তাসলিমা বেগমসহ ১২ জন। তাঁদের হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন অংশে জখমের চিহ্ন রয়েছে। এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানান, উত্তর চরবংশীর নাইয়াপাড়া গ্রামের নাজির আহামঞ্চদ ব্যাপারী ও আনসার আলী ব্যাপারীর মধ্যে নয় শতাংশ সম্পত্তি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল সকালে আনসার আলী ব্যাপারীর নেতৃত্বে ১০-১৫ জন সশস্ত্র লোক নাজির আহামঞ্চদের জমিতে ঘর তুলতে যায়। ওই সময় খবর পেয়ে নাজির ও তাঁর লোকজন ঘটনাস্থলে গিয়ে বাধা দিলে উভয় পক্ষে সংঘর্ষ বাধে। এ সময় নারীসহ ১২ জন আহত হন। রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাসেম চৌধুরী জানান, সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিলাল নামের এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।