রায়পুরে দুই ভাইয়ের বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি, আহত ২
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার পল্লিতে অস্ত্রের মুখে দুই সহোদরের বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় এক গৃহকর্তা ও তাঁর স্ত্রীসহ দুজন আহত হন।মুখোশধারী ডাকাত দল পরিবারের সদস্যদের বেঁধে নগদ টাকা, স্বর্ণালংকারসহ ২৬ লাখ টাকার মালামাল লুটে নেয় বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দাবি।ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা জানান, উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়নের কাঠেরপুল এলাকার হাজি তছলিম সর্দার ও তাঁর ভাই ইমাম সর্দারের বিল্ডিংয়ের কলাপসিবল গেট কেটে গতকাল বৃহস্পতিবার ভোররাত তিনটার দিকে ১৫-২০ জনের একদল ডাকাত ঢোকে। এ সময় তারা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের বেঁধে ফেলে। ডাকাতদের হামলায় ইমাম সর্দার ও তাঁর স্ত্রী মাজেদা বেগম আহত হন। তাঁরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন। এ সময় তারা প্রায় ৪৮ ভরি স্বর্ণ, নগদ এক লাখ ২০ হাজার টাকা ও কয়েকটি মুঠোফোনসহ প্রায় ২৬ লাখ টাকার মালামাল লুটে নেয়।হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ তাজুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের মামলা করার পরামর্শ দেওয়া হয়েছে। লুণ্ঠিত মালামাল ও ডাকাতদের আটক করতে অভিযান চলছে।