রায়পুরে দুই মাসে ৫০টি মোটরসাইকেল চুরি
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় গত দুই মাসে অন্তত ৫০টি মোটরসাইকেল চুরি হয়েছে। সর্বশেষ ৪ জানুয়ারি চুরি হয়েছে তিনটি।চোর চক্রের সঙ্গে ঘনিষ্ঠ ও ভুক্তভোগী কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে চুরি হওয়া মোটরসাইকেল রায়পুরে এনে কম দামে বিক্রি করা হয়। তারা বিক্রি করার আগে এর নকল চাবি বানিয়ে রাখে। ক্রেতা এটি কয়েক মাস চালান। এরপর সুযোগ বুঝে তারা ওই চাবি দিয়ে এটি ফের চুরি করে নিয়ে যায়। চক্রটি ভারত থেকে অবৈধভাবে এবং দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে এনে বিক্রি করে।মোটরসাইকেল চুরি করে টাকার বিনিময়ে ফেরত দেওয়ার ঘটনাও ঘটেছে। গত ১৭ ডিসেম্বর সোনাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আক্তার হোসেনের একটি ও তাঁর চাচাতো ভাই মফিজের একটি মোটরসাইকেল চুরি হয়। এ ব্যাপারে আক্তার হোসেন বলেন, ‘খবর পেয়ে চাটখিল উপজেলার জনৈক ব্যক্তির কাছ থেকে দালালের মাধ্যমে এক লাখ ১০ হাজার টাকা দিয়ে ওই মোটরসাইকেল দুটি ফেরত আনি।’সূত্র জানায়, রায়পুর উপজেলায় ১০ থেকে ১২ জন চোরাই মোটরসাইকেলের ব্যবসার সঙ্গে জড়িত। দেশের বিভিন্ন স্থানে তাদের লোক রয়েছে। ওই সব লোক বিভিন্ন জেলা থেকে চুরি করে মোটরসাইকেল সড়কপথে রায়পুরে আনে। এখানে এনে ভুয়া কাগজপত্র তৈরি করে প্রতিটি গাড়ি ৬০ থেকে ৭০ হাজার টাকায় বিক্রি করে।পুলিশের ভাষ্যমতে, কোনটি বৈধ, কোনটি অবৈধ বা কোনটি চোরাই, তা চেনার উপায় নেই। সীমান্তপথে রাজস্ব ফাঁকি দিয়ে প্রতিদিন অসংখ্য মোটরসাইকেল আনা হয়। ৪ জানুয়ারি চরপাতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম, নতুন বাজারের নার্সারি ব্যবসায়ী বাহার উদ্দিন ও হুমায়ুন করিবের তিনটি মোটরসাইকেল চুরি হয়। গত ২৪ নভেম্বর রাতে সোনাপুর গ্রামের খোরশেদ আলমের, ২৩ নভেম্বর একই গ্রামের ফারুক হোসেনের দুটি মোটরসাইকেল চুরি হয়। দুই মাসে রায়পুর শহরের জাহাঙ্গীর আলম, লিয়াকত হোসেন, সাইফুল ইসলামেরসহ অন্তত ৫০টি মোটরসাইকেল চুরি হয়েছে।রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী বলেন, ‘দেশের অনেক জেলা-উপজেলায় গিয়েছি। কিন্তু রায়পুরের মতো এত বেশি মোটরসাইকেল চলাচল আর কোথাও দেখিনি। এখানে যেন চোরাই মোটরসাইকেলের নিরাপদ বাজার।’রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন জানান, চোরাকারবারিদের বিরুদ্ধে অভিযান অব্যাহত আছে। আর মোটরসাইকেল চুরি হলে অনেকেই পুলিশকে জানান না।