রায়পুরে দুটি বাড়িতে ডাকাতি, ৩৫ লাখ টাকার মালামাল লুট!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার দুটি বাড়িতে গতকাল মঙ্গলবার ভোররাতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতের হামলায় ছয়জন আহত হয়েছে। ডাকাতেরা স্বর্ণালংকার ও টাকাসহ প্রায় ৩৫ লাখ টাকার মালামাল লুটে নিয়ে গেছে বলে ডাকাতির শিকার পরিবারগুলো দাবি করেছে। সূত্র জানায়, ২০-২৫ জনের একদল সশস্ত্র ডাকাত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হায়দরগঞ্জ বাজারের পাশের চর আবাবিল গ্রামের ব্যবসায়ী নুরনবী পণ্ডিতের বাড়িতে হানা দেয়। ডাকাতেরা বাড়ির ফটকের তালা কেটে ভেতরে ঢোকে। তারা বাড়ির লোকজনকে বেঁধে রেখে মালামাল লুটে নিয়ে যায়। পরে ওই ডাকাতেরা প্রায় ২০০ গজ দূরে অবস্থিত আবদুল খালেক মুন্সির বাড়িতে হানা দেয়।ডাকাতির শিকার পরিবার দুটির দাবি, ডাকাতেরা দুই বাড়ি থেকে প্রায় ৫০ ভরি স্বর্ণালংকার, দুই লাখ ৩৪ হাজার টাকা ও আটটি মুঠোফোন সেটসহ ৩৫ লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়ে গেছে। ডাকাতেরা আবদুল খালেক মুন্সি (৮৫), খোরশেদা বেগম (৭২), শাহজালাল (৩৫), নুরনবী পণ্ডিত (৪৫), আলাউদ্দিন (২৫) ও নাছিমা আক্তারকে (৩৫) পিটিয়ে আহত করেছে। তাঁদের মধ্যে আবদুল খালেক মুন্সি ও খোরশেদা বেগমকে রায়পুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।স্থানীয় সূত্র জানায়, হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির তিনজন কনস্টেবল ডাকাতির সময় ঘটনাস্থলে ছুটে যান। তবে ডাকাতেরা গুলি করার হুমকি দিলে তাঁরা পিছু হটেন। এ সুযোগে ডাকাতেরা মালামাল নিয়ে পালিয়ে যায়।হায়দরগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবদুল খালেক বলেন, ডাকাতির সময় পুলিশের তিন সদস্যের একটি দল টহল দিচ্ছিল। ২২-২৫ জন ডাকাত সশস্ত্র অবস্থায় থাকার কারণে তাঁরা অগ্রসর হওয়ার সাহস পাননি।