রায়পুরে দেড় শতাধিক পোলট্রি খামার বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুরগির বাচ্চার দাম অস্বাভাবিক হারে বাড়ায় লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মুরগির খামার (পোলট্রি) ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। এ কারণে গত এক মাসে উপজেলার দেড় শতাধিক পোলট্রি খামার বন্ধ হয়ে গেছে। এক মাস আগে এক দিনের ব্রয়লার মুরগির বাচ্চার দাম ছিল ৪০ টাকা। এখন তা হয়েছে ৭০ টাকা।রায়পুর পশুসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ২১৪টি ব্রয়লার ও ১৮টি লেয়ার মুরগির খামারের রেজিস্ট্রেশন রয়েছে। তবে পোলট্রি ফিড ব্যবসায়ীরা বলছেন, এর বাইরেও আরও দুই শতাধিক খামার আছে। পোলট্রি খামারিরা জানান, রায়পুরের প্রায় চার শতাধিক খামারে তাঁদের বিনিয়োগ প্রায় সাড়ে তিন কোটি টাকা। এর সঙ্গে উপকারভোগী আছেন প্রায় ২০ হাজার লোক। বাচ্চার দাম বাড়ায় উপজেলায় খামারিদের অন্তত ৫০ লাখ টাকা লোকসান গুনতে হবে। উপজেলার বিভিন্ন হাটবাজার ঘুরে দেখা গেছে, গত জুন মাসের শুরুর দিকে প্রতিটি মুরগির বাচ্চা বিক্রি হতো ৪০ টাকায়। আর এখন তা বেড়ে বিক্রি হচ্ছে ৭০ টাকায়। এ ছাড়া মুরগির খাদ্যসহ সব ওষুধের দামও বেড়েছে দ্বিগুণ। রায়পুর শহরের নতুন বাজারের পোলট্রি ফিড ব্যবসায়ী নিজাম উদ্দিন জানান, ৭০ টাকা দিয়ে একটি বাচ্চা কেনার পর খাদ্য, ওষুধসহ সব খরচ মিলিয়ে খামারির এক মাসে খরচ হয় ১৭০ টাকা। বাচ্চা মৃত্যুর হার বেড়ে গেলে এ খরচ আরও বেশি পড়ে। এক মাস পর খামারি এ মুরগি বিক্রি করতে পারেন ১৫০ টাকায়। লোকসানের কারণে গত এক মাসে উপজেলার দেড় শতাধিক খামারিরা তাঁদের খামার বন্ধ করে রেখেছেন । রায়পুর পশুসম্পদ কার্যালয়ের ভেটেরিনারি সার্জন মুহাম্মদ ইসমাইল হোসেন বলেন, ‘কয়েক মাস যাবৎ পোলট্রি ব্যবসায় মন্দা ভাব বিরাজ করছে। দেড় শতাধিক খামার বন্ধ হয়ে যাওয়ার ব্যাপারে তিনি বলেন, বাচ্চার দাম বাড়ায় খামারিরা হয়তো আপাতত এসব খামার বন্ধ রেখেছেন। তবে বাচ্চার দাম কমলে খামারগুলো আবার চালু হবে। বাচ্চা, খাদ্য ও ওষুধের দাম কমানোর ব্যাপারে সরকার উদ্যোগ না নিলে পোলট্রি শিল্পে বিপর্যয় দেখা দিতে পারে।’