লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় দৈনিক ১৮ ঘণ্টা লোডশেডিং দেওয়া হচ্ছে। বিদ্যুৎ উপকেন্দ্র না থাকায় কয়েক বছর ধরেই লোডশেডিংয়ের ধকল সইতে হচ্ছে গ্রাহকদের।
স্থানীয় সূত্রে জানা গেছে, এক সপ্তাহ ধরে দিনে প্রতিবার এক ঘণ্টা বিদ্যুৎ দিয়ে তিন ঘণ্টা লোডশেডিং করা হচ্ছে। এর আগে প্রতিবার এক ঘণ্টা বিদ্যুৎ দিয়ে দুই ঘণ্টা লোডশেডিং করা হতো৷ এভাবে দিন দিন অবস্থার অবনতি হচ্ছে৷ এতে বিদ্যুতের ওপর নির্ভরশীল কারখানার মালিক ও ব্যবসায়ীরা হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন৷ কয়েক মাস আগে ক্ষুব্ধ হয়ে লোকজন দফায় দফায় সড়ক অবরোধ, বিক্ষোভ ও ভাঙচুর করেন।
পল্লী বিদ্যুৎ অফিস সূত্রে জানা গেছে, পানপাড়া বিদ্যুৎ উপকেন্দ্র থেকে রায়পুরসহ কয়েকটি লাইনে বিদ্যুৎ সঞ্চালন করা হয়। এ উপকেন্দ্রের ধারণক্ষমতা কম থাকায় পর্যাপ্ত বিদ্যুৎ পাওয়া যায় না। রায়পুরে উপকেন্দ্র নির্মিত হলে ছোট লাইনের (ফিডার) মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা যাবে। এতে লোডশেডিং অনেক কমে যাবে। লো ভোল্টেজ সমস্যারও নিরসন হবে।
রায়পুরের ব্যবসায়ী ইসমাইল হোসেন বলেন, জেলা সদরসহ বিভিন্ন উপজেলায় লোডশেডিং সহনীয় পর্যায়ে রয়েছে। অথচ এখানে লোডশেডিংয়ের মাত্রা ভয়ানক। ফলে ব্যবসাপ্রতিষ্ঠানে জেনারেটরের ব্যবস্থা করতে হয়। এতে অতিরিক্ত ব্যয় গুনতে হচ্ছে।
সূত্র জানায়, রায়পুর উপজেলায় প্রায় ২৬ হাজার গ্রাহক রয়েছে। এ জন্য আট-দশ মেগাওয়াট বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে তিন-চার মেগাওয়াটেরও কম। এ কারণে এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ থাকলে তিন ঘণ্টা লোডশেডিং করতে হচ্ছে।
রায়পুর পৌরসভা পানি সরবরাহ শাখা সূত্রে জানা গেছে, অব্যাহত লোডশেডিংয়ের কারণে ট্যাংকে পানি তোলা যাচ্ছে না। ফলে গ্রাহকদের নিরবচ্ছিন্নভাবে পানি সরবরাহ করা যাচ্ছে না। এতে পৌরসভার ২৫ হাজার মানুষ পানির কষ্টে ভুগছেন।
জানতে চাইলে রায়পুর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মাহফুজুর রহমান বলেন, ‘রায়পুরে উপকেন্দ্র নির্মাণের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে রয়েছে। তা ছাড়া আমরা লোডশেডিং কম করার চেষ্টা করি। কিন্তু চৌমুহুনী গ্রিড থেকে চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ না করায় বেশি লোডশেডিং করতে হচ্ছে।’