রায়পুরে নেশার ফাঁদে তরুণেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মামুন (১২)। রাস্তাঘাট থেকে পরিত্যক্ত জিনিসপত্র কুড়িয়ে বিক্রি করা তার পেশা। গত বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে পলিথিন ব্যাগ হাতে রায়পুর পৌর শহরের সিনেমা হল সড়কে এলোমেলো পায়ে হাঁটতে দেখা যায়। কিছুক্ষণ পরপর ব্যাগের ভেতরে নাক-মুখ ঢুকিয়ে কোনো কিছুর ঘ্রাণ নিচ্ছিল সে।পরে জানা যায়, মামুনের হাতের পলিথিন ব্যাগে ছিল গাম। প্রতিদিন সন্ধ্যায় তার মতো ৮-১০ জন কিশোর এই সড়কে গামের নেশা করে।মামুন জানায়, তার বাবা নেই। মা অসুস্থ। নতুনবাজারে ভাড়া বাসায় থাকে তারা। সংসার চলে তার আয়ে। সে জানায়, চার বছর আগে পিয়াস নামের এক শিশু তাকে গামের ঘ্রাণ নিতে দেয়। পিয়াসও তার মতো পরিত্যক্ত জিনিসপত্র সংগ্রহ করে বিক্রি করে। এরপর মামুন গামের নেশায় আসক্ত হয়ে পড়ে। এখন প্রতিদিন তার নেশার জন্য ২৫ টাকার গাম লাগে।মামুন বলে, ‘সন্ধ্যা হইলে গামের নিশা না নিলে মাতা উল্টাপাল্টা লাগে। জিম মারি থাকে শরীর।’সিনেমা হল সড়কের ওষুধ ব্যবসায়ী মো. মনির হোসেন বলেন, মামুনসহ ৮-১০ জন কিশোর প্রতিরাতে গাম দিয়ে নেশা করে। নেশা করার পর তারা অনেক সময় রাস্তায় পড়ে থাকে। আয়ের প্রায় পুরোটাই তারা নেশার পেছনে খরচ করে।মামুনের মতো এলাকার অনেক কিশোর-তরুণ গামসহ বিভিন্ন ধরনের নেশার দিকে ঝুঁকে পড়ছে। শুধু কিশোর-তরুণ নয়, বিভিন্ন রাজনৈতিক দলের অনেক নেতাও মাদক সেবন করেন বলে অভিযোগ রয়েছে।সূত্র জানায়, মাদক চোরাচালানিরা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিল, ইয়াবা বড়ি, ভারত ও মিয়ানমারের মদ, হেরোইন এবং গাঁজা রায়পুর নিয়ে আসে। এখান থেকে চাঁদপুর হয়ে নৌ ও সড়কপথে দেশের অন্য জেলায় মাদকদ্রব্য পাচার করা হয়। রায়পুরে আনা মাদকদ্রব্যের একটি অংশ রায়পুর উপজেলা শহরসহ প্রত্যন্ত অঞ্চলে বিক্রি করা হয়। প্রতিদিন সন্ধ্যায় মাদক ব্যবসায়ীরা মুঠোফোনের মাধ্যমে মাদকদ্রব্য বিক্রি করে থাকেন।১৯৯৮ ও ২০০০ সালে রায়পুরে রেকটিফায়েড স্পিরিট পান করে আটজন মারা যায়। গত বছরের ১৬ অক্টোবর মদ্যপান করে মারা যান এক ব্যক্তি।লক্ষ্মীপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বলেন, মাদকমুক্ত সমাজব্যবস্থার জন্য রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক অঙ্গীকার প্রয়োজন। সমাজের রাজনৈতিক নেতৃত্বকে সবার আগে মাদকমুক্ত হতে হবে।রায়পুর পৌরসভার মেয়র এ বি এম জিলানী প্রথম আলোকে বলেন, মাদকদ্রব্যের সহজলভ্যতার কারণে যুবসমাজের একটি বড় অংশ ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়া হলে এলাকার শান্তি-শৃঙ্খলা বিনষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বলেন, ‘যখন দেখি, জনপ্রতিনিধিদের কেউ কেউ মাদক সেবন করেন, তখন মানসিকভাবে কষ্ট পাই। অথচ সমাজ থেকে মাদক নির্মূলের দায়িত্ব তাঁদেরই। তাঁদের অবাধে মাদক সেবন দেখে যুবসমাজ ও শিশুরা মাদক সেবন শুরু করে। তাঁদের কারণেই কিশোর মামুনরা আজ গামের নেশায় আসক্ত।’রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতনকৃষ্ণ নাথ বলেন, মাদক বিক্রেতাদের ধরতে প্রতিদিন সন্ধ্যা থেকেই পুলিশ টহল দেয়। মাদকসংক্রান্ত ঘটনায় গত দুই মাসে রায়পুর থানায় ১৫টি মামলা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে ৩৫ জন মাদক বিক্রেতা ও সেবনকারীকে। ১৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।