রায়পুরে পাঁচ বছর পর আজ বিএনপির গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় প্রায় পাঁচ বছর পর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে মাঠে নামছে জেলা বিএনপি। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এ নির্বাচনী এলাকায় এত দিন নেতা-কর্মীরা কোনো কর্মসূচি দেননি। আগামী শনিবার লক্ষ্মীপুর আদর্শ সামাদ একাডেমী মাঠে খালেদা জিয়ার জনসভা রয়েছে। এ উপলক্ষে আজ বিকেলে রায়পুর শহরে বিএনপি গণমিছিলসহ তিন দিনের কর্মসূচি দিয়েছে। জানা গেছে, কর্মসূচি সফল করতে বিএনপি একাধিকবার প্রস্তুতি সভা করেছে। গত এক সপ্তাহ উপজেলার সর্বত্র মাইকিংসহ ব্যাপক প্রচারণা চালিয়েছে। অন্যদিকে যুবলীগ গত শুক্রবার সন্ধ্যায় শহরে বিক্ষোভ মিছিল করেছে। বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে ক্ষমতাসীন দলের সহযোগী সংগঠন যুবলীগ পাল্টা কর্মসূচি হিসেবে আগামী শুক্রবার শহরের প্রধান সড়কে কর্মী সমাবেশের ঘোষণা দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৯ জানুয়ারি লক্ষ্মীপুর শহরে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সংঘর্ষে রুবেল হোসেন ও আবুল কাশেম নামের দুজন নিহত হন। নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানাতে শনিবার লক্ষ্মীপুরে জনসভা করার কথা রয়েছে খালেদা জিয়ার।গতকাল মঙ্গলবার রায়পুর পৌর বিএনপির আহ্বায়ক এ বি এম জিলানী বলেন, লক্ষ্মীপুর-২ (রায়পুর) আসনে খালেদা জিয়া দুবার নির্বাচন করেছেন। পরে উপনির্বাচনে আবুল খায়ের ভূঁইয়া সাংসদ হন। খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপি ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আজ আবুল খায়ের ভূঁইয়ার নেতৃত্বে শহরের বাসস্ট্যান্ড থেকে গণমিছিল বের হবে। এ ছাড়া কাল বৃহস্পতিবার ও শুক্রবার শহরে মিছিল করার প্রস্তুতিও রয়েছে।জিলানী আরও বলেন, ‘গণমিছিলে প্রায় পাঁচ হাজার নেতা-কর্মী অংশগ্রহণ করবেন। এলাকাটি বিএনপির দুর্গ হলেও শাসক দলের সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে এত দিন বিএনপি কর্মসূচি পালন করতে পারেনি। এখন থেকে আমরা দলীয় কর্মসূচি নিয়ে মাঠে থাকব।’ উপজেলা যুবলীগের আহ্বায়ক কামরুল হাসান রাসেল বলেন, দেশব্যাপী বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে আগামী শুক্রবার যুবলীগের পূর্বনির্ধারিত সমাবেশ রয়েছে। কোনো রাজনৈতিক দলের কর্মসূচি ঠেকানোর উদ্দেশ্যে কর্মসূচি দেওয়া হয়নি।রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম চৌধুরী বলেন, ‘বিএনপির দেওয়া তিন দিনের কর্মসূচির চিঠি আমি পেয়েছি। সব ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ সজাগ রয়েছে।’