রায়পুরে পাঁচ বছরে ৪০ পুকুর ভরাট, দুর্ভোগে শহরবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাশয় সংরক্ষণবিধি লঙ্ঘন করে প্রভাবশালী ব্যক্তিরা লক্ষ্মীপুরের রায়পুর শহরে গত পাঁচ বছরে ৪০টি পুকুর ভরাট করে ফেলেছেন, যার বেশির ভাগ পুকুর ভরাটে পৌর কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। পুকুর ভরাটের কারণে একদিকে ঘটছে পরিবেশ বিপর্যয়, অন্যদিকে বাড়ছে জনদুর্ভোগ। এ ছাড়া আরও কয়েকটি পুকুর ভরাটের পরিকল্পনা চলছে বলে জানা গেছে।খোঁজ নিয়ে জানা গেছে, রায়পুর শহরে ৬০ থেকে ৬৫টি পুকুর ছিল। গত পাঁচ বছরে প্রায় ৪০টি পুকুর ভরাট হয়ে গেছে। এসব পুকুর ভরাট করে সেখানে মার্কেট নির্মাণ ও আবাসন প্রকল্প গড়ে তোলা হয়েছে। পাঁচ বছর ধরে লেংড়াবাজার এলাকায় পাঁচটি, কলেজ রোডের মুন্সিবাড়ির আলিয়া মাদ্রাসার কাছে দুটি, মুড়িহাটায় দুটি, কাঞ্চনপুরে তিনটি, হ্যাচারিসংলগ্ন ব্রিজের সামনের পুকুর, কৃষি অফিসসংলগ্ন এলাকায় দুটি, মধুপুরে চারটি, নতুন বাজারে দুটি, পূর্বলাচ এলাকায় তিনটি, পীরবাড়ির সামনের পুকুর, মধ্যবাজার পুকুর, হাসপাতালের দক্ষিণ-পশ্চিমে ও দেনায়েতপুর এলাকায় পাঁচটি পুকুরসহ ৪০টি পুকুর ভরাট করা হয়। শহরের ব্যবসায়ী শরিফুল ইসলাম ও মহসীন হোসেন গুরুত্বপূর্ণ পুকুরগুলো ভরাট করায় উদ্বিগ্ন। তাঁরা বলেন, বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে ফায়ার সার্ভিস এসে পানির জন্য আগুন নিয়ন্ত্রণে আনতে পারে না। এতে শহরের জানমালের ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে বেশি। গত এক বছরে শহরে নয়টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যথাসময়ে ফায়ার সার্ভিস এলেও পানি-সংকটের কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে তাদের বেগ পেতে হয়। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক গুণ বেড়ে যায়।স্কুলশিক্ষক সিরাজুল ইসলাম জানান, অনেক সময় শহরে সাপ্লাইয়ের পানির সংকট দেখা দেয়। তখন বাসাবাড়ির মানুষ যে পুকুরে গিয়ে গোসল করবে, সে উপায় থাকে না। সর্বশেষ কলেজ রোড়ের মুন্সিবাড়ির পুকুরটি ভরাট করা হচ্ছে। ভরাটকারী ফিরোজ আলম বলেন, ২৬ শতাংশ পুকুর ভরাট করা হবে। পুকুরটির জমি বিক্রি করা হয়েছে। পুকুর ভরাটকারী আমিনুল ইসলাম, আবুল বাসার ও ফারুক হোসেন জানান, পৌর এলাকায় প্রতি শতাংশ জমি বিক্রি হয় চার-পাঁচ লাখ টাকায়। অধিক লাভের জন্য সবাই পুকুর ভরাট করে ফেলছে। তা ছাড়া পুকুর ভরাটের অনুমোদন নিতে অনেক ঝামেলা পোহাতে হয়। এ জন্য অনুমতি না নিয়ে ভরাট করা হচ্ছে। উপজেলা পরিবেশ সংরক্ষণ কমিটির সদস্য আবুল খায়ের বলেন, শহরের প্রাণকেন্দ্রের পুকুর-জলাশয় সংরক্ষণবিধি লঙ্ঘন করে এগুলোর ভরাট চলছে। ফলে জলাবদ্ধতা ও জনদুর্ভোগ বেড়েই চলছে। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত ভূমিদস্যুরা পুকুর-ডোবা ভরাট করছে। রাজনৈতিক সংশ্লিষ্টতার কারণে রাজনীতিবিদেরা এসব ব্যাপারে থাকেন নীরব। রায়পুর পৌরসভার উপসহকারী প্রকৌশলী মোজাইদুল ইসলাম তুষার বলেন, আইনে আছে, পুকুর ভরাট করতে হলে পৌরসভার অনুমতি নিতে হবে। এ জন্য ফিও দিতে হয়। এ পর্যন্ত পৌর শহরের প্রায় ৪০টি পুকুর ভরাট করা হয়ে গেছে। কিন্তু পৌরসভা থেকে মাত্র আটটি পুকুর ভরাটের অনুমতি দেওয়া হয়েছে। অবৈধভাবে পুকুর ভরাটকারীদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে।