রায়পুরে পানি-সংকট তীব্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিশুদ্ধ পানির অভাবে দুর্ভোগে পড়েছে কয়েক হাজার মানুষ। পৌর বাসিন্দারা বলছেন, এক সপ্তাহ ধরে পানি-সংকট তীব্র হয়ে উঠেছে। বাধ্য হয়ে অনেক পরিবার বোতলজাত পানি কিনে পানির তৃষ্ণা মেটাচ্ছে।পৌর কর্তৃপক্ষ বলছে, বিদ্যুতের অব্যাহত লোডশেডিংয়ের কারণে এ অবস্থা সৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষের দাবি, দিন-রাত টানা লোডশেডিংয়ের কারণে দীর্ঘক্ষণ পাম্প চালানো সম্ভব হচ্ছে না। পৌর এলাকার মধ্য বাজারের স্কুলশিক্ষিকা হাসিনা আক্তার প্রথম আলোকে বলেন, ‘পানি না পাওয়ায় অনেক সময় রান্নাবান্নার কাজও করা যায় না। টয়লেট ব্যবহার করাও অনেক ক্ষেত্রে মুশকিল হয়ে পড়ে।’পৌরসভা সূত্র জানায়, রায়পুর পৌর এলাকার প্রায় ২০ হাজার মানুষের দৈনিক পানির চাহিদা ১৫ লাখ লিটার। পাম্প দিয়ে উঁচু জলাধারে এই পানি তুলতে হলে নিরবচ্ছিন্ন বিদ্যুতের প্রয়োজন। কিন্তু দিনে গড়ে ১০-১১ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যাচ্ছে না। এর ফলে পানির মোট চাহিদার মাত্র এক-তৃতীয়াংশ পূরণ করা যাচ্ছে।শহরের সিনেমা হল রোডের বাসিন্দা আবু সালেহ বলেন, পানি-সংকটে সবাই অতিষ্ঠ। শহরের পুকুরগুলো ভরাট করে ফেলায় সংকট আরও তীব্র হয়েছে। রায়পুরের মেয়র এ বি এম জিলানী পৌরবাসীর দুর্ভোগের কথা স্বীকার করে প্রথম আলোকে বলেন, ‘অব্যাহত লোডশেডিংয়ের কারণে চাহিদামতো পানি সরবরাহ করা যাচ্ছে না। বিষয়টি পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’ এ বিষয়ে যোগাযোগ করা হলে রায়পুর পল্লী বিদ্যুৎ অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন বলেন, ‘পানি-সংকটের বিষয়টি আমার জানা নেই। তবে নোয়াখালী গ্রিড থেকে চাহিদামতো বিদ্যুৎ না পাওয়ায় লোডশেডিং হচ্ছে।’ এক প্রশ্নের জবাবে জাকির হোসেন জানান, রায়পুরে বিদ্যুতের চাহিদা সাত-আট মেগাওয়াট হলেও পাওয়া যাচ্ছে দুই-তিন মেগাওয়াট। এ কারণে পানি-সংকট দেখা দিতে পারে।